hadith book logo

মুমিন নারীদের বিশেষ বিধান

লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

৩. বিধবা নারীর ইদ্দতে পাঁচটি বস্তু হারাম, যার আরবি নাম হিদাদ:

এক. সকল প্রকার সুগন্ধি: বিধবা নারী নিজের শরীরে কিংবা কাপড়ে সুগন্ধি ব্যবহার করবে না, অনুরূপ সুগন্ধি যুক্ত বস্তুও ব্যবহার করবে না। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

» ولا تمس طيبا «

“কোনো সুগন্ধি স্পর্শ করবে না”। [সহীহ বুখারী, হাদীস নং ৫০২৮; সহীহ মুসলিম, হাদীস নং ৯৩৮; নাসাঈ, হাদীস নং ৩৫৩৪; আবু দাউদ, হাদীস নং ২৩০২; ইবন মাজাহ, হাদীস নং ২০৮৭; আহমদ (৫/৮৫); দারেমী, হাদীস নং ২২৮৬]

দুই. শারীরিক সাজসজ্জা গ্রহণ করা: বিধবা নারীর সাজসজ্জা গ্রহণ করা, যেমন খিযাব ও অন্যান্য রূপচর্চার বস্তু সুরমা, শরীরের তক রঙ্গিনকারী বিভিন্ন প্রকার রঙ ব্যবহার করা হারাম। ওষুধ হিসেবে সুরমা ব্যবহার করা বৈধ, যদি প্রয়োজন হয়, সৌন্দর্যের অংশ হিসেবে নয়, সুরমা শুধু রাতে ব্যবহার করবে, দিনে মুছে ফেলবে। সুরমা ব্যতীত অন্যান্য বস্তু দ্বারা চোখের চিকিৎসা করাও বৈধ, যাতে সৌন্দর্য নেই।

তিন. সাজসজ্জার কাপড় পরিধান করা: বিধবা নারীর জন্য সাজসজ্জার কাপড় পরিধান করা হারাম। সাধারণ কাপড় পড়বে, এ সময় নির্দিষ্ট রঙের কাপড় পরিধান করার কোনো ভিত্তি নেই, সমাজে যার প্রচলন রয়েছে।

চার. অলঙ্কার: বিধবা নারীর জন্য সকল প্রকার অলঙ্কার পরিধান করা হারাম, এমন কি আঙ্কটি পর্যন্ত।

পাঁচ. স্ত্রী যে ঘরে থাকাবস্থায় স্বামী মারা যায় সে ঘর ব্যতীত কোথাও রাত-যাপন করা: শর‘ঈ কোনো কারণ ব্যতীত বিধবা নারীর জন্য ঘর পরিবর্তন করা জায়েয নয়। সে কোনো রোগী কিংবা কোনো বন্ধু কিংবা কোনো নিকট আত্মীয়কে দেখতে যাবে না, একান্ত প্রয়োজনে দিনে বের হওয়া বৈধ। এ পাঁচটি বস্তু ব্যতীত কোনো জিনিস থেকে তাকে বারণ করা যাবে না, আল্লাহ তার জন্য যা হালাল করেছেন।

ইমাম ইবনুল কাইয়্যিম রহ. ‘আল-হাদইউন নববী’: (৫/৫০৭) গ্রন্থে বলেন: “বিধবা নারীকে নখ কাঁটা, বগলের পশম উপড়ে ফেলা, যে চুল ফেলে দেওয়া মুস্তাহাব তা ফেলে দেওয়া, বড়ই পাতা দিয়ে গোসল করা ও চুল আঁচড়ানো থেকে বারণ করা যাবে না।” সমাপ্ত।

শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ ‘মাজমুউল ফতোয়ায়’: (২৪/২৭ ও ২৮) বলেন: “বিধবা নারীর জন্য সব কিছু খাওয়া বৈধ, যা আল্লাহ তার জন্য হালাল করেছেন। যেমন, ফল ও গোশত ইত্যাদি। অনুরূপ বৈধ সকল পানীয় পান করা... অতঃপর তিনি বলেন: বৈধ কোনো কাজে ব্যস্ত থাকা তার জন্য হারাম নয়। যেমন, নকশা, সেলাই ও কাপড় বুনা ইত্যাদি, যা নারীদের স্বভাব সূলভ কাজ। অনুরূপ ইদ্দতের বাইরে সেসব কাজ করা তার জন্য বৈধ ইদ্দতের ভেতরও তা বৈধ। যেমন, প্রয়োজনে পুরুষদের সাথে কথা বলা, তবে পর্দার আড়াল থেকে অবশ্যই। আমি যা উল্লেখ করলাম তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যা সাহাবীগণের নারীগণ সম্পাদন করতেন তাদের স্বামীদের মৃত্যুর পর।” সমাপ্ত।

সাধারণ মানুষ যা বলে, চাঁদ থেকে বিধবা নারী চেহারা ঢেকে রাখবে, ঘরের ছাদে উঠবে না, পুরুষের সাথে কথা বলবে না, মাহরামদের থেকেও চেহারা ঢেকে রাখবে, আরো অনেক কিছু তার কোনো ভিত্তি নেই। আল্লাহ তা‘আলা ভালো জানেন।