hadith book logo

একগুচ্ছ মুক্তাদানা দ্বীনে ইসলামীর সৌন্দর্য

লেখকঃ শাইখ আবদুর রহমান ইবন নাসের ইবন সা‘দী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

পঞ্চম দৃষ্টান্ত: ইসলাম যে প্রজ্ঞাপূর্ণ দ্বীন, স্বভাব-দ্বীন এবং বিবেক, সততা ও সফলতার দ্বীন সে সম্পর্কে।

এই মূলনীতির ব্যাখ্যা হল: এই দ্বীন মূলনীতি ও শাখা-প্রশাখা সংশ্লিষ্ট যেসব বিধানাবলীকে অন্তর্ভুক্ত করে, সেগুলোকে স্বভাব-প্রকৃতি ও বিবেক-বুদ্ধি গ্রহণ করে এবং সত্য ও বাস্তবতার অনুসারী ব্যক্তি তাকে মেনে নেয়; আর এই দ্বীন যেসব বিধিবিধান ও সুন্দর ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করে, তা প্রত্যেক যামানা ও স্থান বা অঞ্চলের জন্য উপযুক্ত।

তার সকল তথ্য সঠিক ও সত্য। পূর্বে বা সাম্প্রতিককালে এমন কোন জ্ঞানের আগমন ঘটেনি এবং ঘটাও অসম্ভব, যা তাকে খণ্ডন করতে পারে অথবা তাকে মিথ্যা প্রমাণ করতে পারে; বরং সকল প্রকার বাস্তব জ্ঞান তাকে শক্তিশালী করে ও সমর্থন প্রদান করে; আর এটা এর যথার্থতার উপর বড় ধরনের প্রমাণ।

ন্যায়পরায়ণ বিশ্লেষকগণ বিশ্লেষণ করেছেন যে, প্রত্যেক জ্ঞান, ধর্মীয়, পার্থিব বা রাজনৈতিক যা-ই হোক না কেন, সেগুলোর ব্যাপারে আল-কুরআনের সন্দেহমুক্ত দিকনির্দেশনা রয়েছে।

সুতরাং ইসলামের শরীয়াতে বা নিয়ম-কানুনের মধ্যে এমন কিছু নেই, যা বিবেক-বুদ্ধি অসম্ভব মনে করে; বরং তার মধ্যে এমন বিধানাবলী রয়েছে, প্রখর যুক্তি-বুদ্ধিও যার সত্যতা, উপকারিতা ও যথার্থতার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে।

অনুরূপভাবে তার সকল আদেশ ও নিষেধ ন্যায় ও ইনসাফপূর্ণ, তাতে কোন প্রকার যুলুম নেই। তার যে কোন আদেশই নির্ভেজাল কল্যাণ অথবা অগ্রধিকার পাওয়ার উপযোগী কল্যাণ; আর প্রত্যেক নিষেধই শুধু এমন বস্তু বা বিষয় থেকে, যা নির্ভেজাল অকল্যাণকর অথবা যার মধ্যে উপকারের চেয়ে ক্ষতির দিক বেশি।

আর যখনই বুদ্ধিমান ব্যক্তি তার বিধানসমূহ নিয়ে চিন্তা-ভাবনা করবে, তখন এই মূলনীতির প্রতি তার ঈমান তথা বিশ্বাস ও আস্থা বৃদ্ধি পাবে এবং সে জানতে পারবে যে, তা আল্লাহ তা‘আলার পক্ষ থেকে অবতীর্ণ, যিনি প্রজ্ঞাময়, প্রশংসিত।