hadith book logo

ইসলামি আকিদা ও মানবপ্রকৃতি

লেখকঃ সানাউল্লাহ নজির আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ইসলামি আকিদার প্রভাব:

ইসালামি আকিদা: একটি পোষাক শিল্পপ্রতিষ্ঠান যাতে উৎপাদন হয় বিচিত্র রং, বিভিন্ন সাইজ, হরেক ডিজাইন নিয়ে মনাবদেহের নিন্মাংশ, উর্ধ্বাংশের অভিজাত পোষাক, দেহাবরণ। যার ব্যবহারে মানুষ হয়ে উঠে রুচিশীল, শালীন, মার্জিত, সামাজিক ও সভ্য। পোষাক বা দেহাবরণ প্রত্যাখ্যানকারী মানব প্রকৃতি বিবর্জিত, রুচিহীন, অশালীন, অসামাজিক ও অসভ্য। তদ্রূপ ইসলামি আকিদা একজন মানুষকে উত্তম চরিত্র ভূষণে আবৃত, নন্দিত, সমাদৃত, সৃজনশীল করে তুলে। আরো করে তুলে মাতা-পিতার আনুগত্যশীল, [১০৩ “আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নিদের্শ দিয়েছি।” [সূরা সূরা লুকমান, আয়াত: ১৪]] বড়দের সাথে শ্রদ্ধাশীল, ছোটদের প্রতি স্নেহময়, [“যে আমাদের ছোটদের রহম করে না, বড়দের সম্মান করে না। সে আমাদের অর্ন্তভুক্ত নয়। (তিরমিযী, হাদীস নং ১৯১৯)] পাড়া-প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারকারী, [“যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না।” (সহীহ বুখারী, হাদীস নং ৬০১৬; সহীহ মুসলিম, হাদীস নং ৭৩)] বন্ধুবান্ধবদের বিশ্বস্ত, [“যে আমাদের ধোকা দেয় সে আমাদের সাথে নয়।” (সহীহ মুসলিম, হাদীস নং ৫৪)] অপরের অধিকার ও হক আদায়ে অধিক যত্নশীল, নিজের অধিকারের জন্য নমনীয়। ক্ষমাশীল, উদার, পরপোকারী। [“যদি ক্ষমা কর, উপেক্ষা কর, মাফ কর, তবে আল্লাহ ক্ষমাশীল, করুনাময়।” [সূরা আত-তাগাবুন, আয়াত: ১৪]] এ আকিদার বাইরে লালিত ব্যক্তি স্বার্থপর, নির্দয়, অবাধ্য, দুষ্ট ও পাড়া-প্রতিবেশীর জন্য আতঙ্ক।

মুসলিম মিল্লাতের অনুসৃত ও বাস্তব জীবনে অনুশীলনকৃত ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাস্তবতার নিরিখে মানবীয় জীবনে ইসলামি আকিদার প্রভাবের ওপর আমরা একটি মূল্যায়ন বা প্রতিবেদন তৈরী করতে পারি। মুসলিম জাতির জন্য মনোনীত দীন তথা ইসলামের প্রতি আল্লাহর অপার কৃপা, তিনি এ দীনকে বাস্তব ময়দানে অনুসৃত একটি সমৃদ্ধ ইতিহাস প্রদান করেছেন। যার ফলে এ আকিদা কিছু প্রতীকি আনুষ্ঠানিকতা আর ধারণা প্রসূত অবকাঠামোয় সীমাবদ্ধ নয়, বরং ঐতিহাসিক সত্যতা নির্ভর দেদীপ্যমান উপাখ্যান। মানব ইতিহাসে এ জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট, যে “তারা সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য প্রেরিত।” [সূরা আলে ইমরান, আয়াত: ১১০।] কারণ, এ জাতি তার জীবনে কুরআন বাস্তবায়ন করেছে। মানসিক সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সাধ্যানুপাতে কুরআনের রঙ্গে রঙ্গীন হয়েছে। তাই মানবীয় জীবনে ইসলামি আকিদার প্রভাব প্রত্যক্ষ করার জন্য এ জাতির প্রথম প্রজন্ম, বিশেষ করে প্রথম ব্যক্তিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করাই যথেষ্ট। তবেই আমাদের সামনে সুস্পষ্ট হয়ে উঠবে এ আকিদার এক একটি মৌলনীতি ও আদর্শের প্রভাব ও ক্রিয়া।