hadith book logo

সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

হাদীস: ৫. তোমাদের ওপর এমন কতিপয় শাসক নিযুক্ত করা হবে তোমরা তাদের কিছু কাজকর্ম পছন্দ করবে আর কিছু অপছন্দ করবে। সুতরাং যে অপছন্দ করবে সে দায়মুক্ত হয়ে যাবে। যে প্রতিবাদ করবে সে নিরাপদ থাকবে। কিন্তু (সে দায়মুক্ত নয়) যে সস্তুষ্টি প্রকাশ করবে ও অনুসরণ করবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি তাদের সাথে লড়াই করব না? তিনি বললেন: না. যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে সালাত কায়েম রাখে। (ততক্ষণ পর্যন্ত লড়াই নয়)

উম্মুল মুমিনীন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

5 - «إِنَّهُ يُسْتَعْمَلُ عَلَيْكُمْ أُمَرَاءُ، فَتَعْرِفُونَ وَتُنْكِرُونَ، فَمَنْ كَرِهَ فَقَدْ بَرِئَ، وَمَنْ أَنْكَرَ فَقَدْ سَلِمَ، وَلَكِنْ مَنْ رَضِيَ وَتَابَعَ»، قَالُوا : يَا رَسُولَ اللهِ، أَلَا نُقَاتِلُهُمْ؟ قَالَ : «لَا، مَا صَلَّوْا»

“তোমাদের ওপর এমন কতিপয় শাসক নিযুক্ত করা হবে তোমরা তাদের কিছু কাজকর্ম পছন্দ করবে আর কিছু অপছন্দ করবে। সুতরাং যে অপছন্দ করবে সে দায়মুক্ত হয়ে যাবে। যে প্রতিবাদ করবে সে নিরাপদ থাকবে। কিন্তু (সে দায়মুক্ত নয়) যে সস্তুষ্টি প্রকাশ করবে ও অনুসরণ করবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি তাদের সাথে লড়াই করব না? তিনি বললেন: না. যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে সালাত কায়েম রাখে। (ততক্ষণ পর্যন্ত লড়াই নয়)”। [সহীহ মুসলিম, হাদীস নং ১৮৫৪।]

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. কোনো শাসক বা নেতার কাজ-কর্ম যদি ন্যায়সঙ্গত না হয়, তারা যদি জুলুম-অত্যাচার ও পাপাচার করে তাহলে তাদের থেকে দায়মুক্ত থাকার জন্য সকলের চেষ্টা করতে হবে। অন্যথায় যে তাদের সমর্থন করবে তাদের পাপাচারের দায় তাকেও বহন করতে হবে।

দুই. তাদের অন্যায় অনাচারের প্রতিবাদ করে তাদের থেকে দায়মুক্ত থাকা যেতে পারে। যদি প্রতিবাদ করার সামর্থ না থাকে তাহলে কমপক্ষে তাদের কোনো ধরনের সমর্থন করা যাবে না, বরং অন্তরে ঘৃণা করতে হবে। অন্তরের ঘৃণা ও তাদের সমর্থন বা সহযোগিতা না করে দায়মুক্ত থাকা যায়। আর যদি তাদের পাপাচার আর অন্যায় সত্ত্বেও তাদের সমর্থন করা হয় তাহলে তাদের পাপের দায় সমর্থনকারীর উপরও বর্তাবে।

তিন. তবে অন্যায় কাজে লিপ্ত বা পাপী শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে অনুমতি দেন নি।

চার. তাদের অন্যায় অনাচার ও শরী‘আত বিরোধী কোনো কাজকে সমর্থন করা বা তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা অন্যায়।