hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহুবিবাহ

লেখকঃ শাইখ মুহাম্মদ আলী সাবুনী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

এক. জুওয়ায়রিয়া রা. এর সাথে বিবাহ

রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনী মুস্তালেক এর সরদার হারেসের কন্যা জুওয়ায়রিয়া রা. কে বিবাহ করলেন। তিনি তার সম্প্রদায়ের সাথে মুসলিমদের হাতে যুদ্ধবন্দি হয়ে এসেছিলেন। যুদ্ধবন্দি হওয়ার পর তিনি নিজের মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে অর্থ সাহায্য চাইলেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রস্তাব পেশ করলেন যে, তিনি তার পক্ষ হতে মুক্তিপণ প্রদান করবেন; বিনিময়ে তাকে বিবাহ করবেন।

তিনি এ প্রস্তাব কবুল করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বিবাহ করে নিলেন।

অতঃপর মুসলিমগণ বললেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শশুর গোষ্ঠি আমাদের হাতে বন্দি থাকবে তা কী করে হয়?! ব্যাস, তারা তাদের অধীনস্থ সকল বন্দিকে মুক্তি দিয়ে দিলেন।

বনী মুস্তালেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীদের এই উদারতা,মহত্ম এবং মানবতাবোধ অবলোকন করে সকলেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে তার বিবাহ ছিল তার জ্ঞাতি-গোষ্ঠী এবং সম্প্রদায়ের জন্য বরকত স্বরূপ। কারণ তা ছিল,তাদের ইসলাম গ্রহণ এবং মুক্তিপ্রাপ্তির মাধ্যম। জুওয়াইরিয়া রা. তার সম্প্রদায়ের জন্য সত্যই এক বরকতময় নারী।

ইমাম বুখারী আয়েশা রা. হতে একটা হাদীস বর্ণনা করেন, তিনি বলেন: বনী মুস্তালেক গোত্রের মহিলাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধবন্দি হিসেবে পেলেন। অতঃপর তম্মধ্যে হতে এক পঞ্চমাংশ বের করার পর বাকি সাহাবীগণের মাঝে বণ্টন করে দিলেন। অশ্বারোহী যোদ্ধাদেরকে দিলেন দুটি অংশ আর পদাতিক যোদ্ধাদেরকে একটি অংশ।

যাহোক এই বণ্টন প্রক্রিয়ায় জুওয়রিয়া বিনতুল হারিস পড়ল সাবেত বিন কায়স রা. এর অংশে।

জুওয়রিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে আরজ করলেন: হে আল্লাহর রাসূল, আমি আমাদের গোত্র প্রধান হারিসের কন্যা। আপনি তো জানেন আমি কী বিপদে পড়েছি! সাবিত আমাকে ৯ উকিয়া স্বর্ণ প্রদানের শর্তে মুক্তি দেয়ার কথা বলেছে। সুতরাং আপনি আমাকে মুক্তি করার ব্যাপারে সাহায্য করুন।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: এটাই চাও না কি এ থেকে উত্তম কিছু?

তিনি বললেন: কী সেটা?

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: আমি তোমার চুক্তিবদ্ধ বা শর্তকৃত অর্থ পরিশোধ করে দিব এবং তোমাকে বিয়ে করব।

তিনি বললেন: ঠিক আছে,হে আল্লাহর রাসূল।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তাই করলাম।

এ সংবাদ জনগণের নিকট পৌঁছলে তারা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শশুর বংশের লোকেরা আমাদের কৃতদাস হয়ে থাকবে এটা কী করে হয়? ফলে তারা তাদের অধীনস্থ সকল বন্দিকে মুক্ত করে দিল। তাদের সংখ্যা ছিল ১০০ ঘর।