hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহুবিবাহ

লেখকঃ শাইখ মুহাম্মদ আলী সাবুনী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

দুই. সুফিয়া বিনতে হুয়াই রা. এর সাথে বিবাহ

অনুরূপভাবে রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রা. কে বিবাহ করেছিলেন। খায়বার যুদ্ধে তার স্বামী নিহত হওয়ার পর তিনি যুদ্ধবন্দি হয়ে বণ্টনের মাধ্যমে জনৈক মুসলিমের ভাগে পড়ল। তখন সাহাবীদের মধ্যে বিচক্ষণ লোকেরা বললেন: সুফিয়া বনী কুরাইযার নেত্রী। তিনি আল্লাহর রাসূল ছাড়া অন্য কারও জন্য উপযুক্ত নন।

অতঃপর তারা বিষয়টি রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট পেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে ডেকে দুটি বিষয়ের যে কোনও একটি গ্রহণের এখতিয়ার দিলেন:

ক. তাকে মুক্ত করা হলে তিনি রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

খ. অথবা তাঁকে মুক্ত করা হলে তিনি নিজ পরিবার-পরিজনের সাথে গিয়ে মিলিত হবেন।

অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে, তাকে মুক্তি দেয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিশাল মর্যাদা, সম্মান এবং অনুপম সুন্দর আচার-আচরণ সচক্ষে দেখেছিলেন।

এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের কারণে আরও কিছু মানুষ ইসলাম গ্রহণ করেন।

বর্ণিত আছে, সুফিয়া রা. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গৃহে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “তোমার পিতা চরমপন্থি ইহুদী। আল্লাহ তাকে ধ্বংস করার পূর্ব পর্যন্ত আমার সাথে মারাত্মক দুশমনি করেছে।

তিনি বললেন: হে আল্লাহর রাসূল,আল্লাহ কি তাঁর কিতাবে বলেন নি?

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ

“একজন আরেক জনের দোষের বোঝা বহন করবে না।” (সূরা ফাতির: ১৮)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন: তোমার ইচ্ছা, তুমি যদি ইসলামকে পছন্দ কর তবে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে রাখব আর যদি ইহুদীবাদ পছন্দ কর তবে আমি তোমাকে মুক্ত করে দিব। তখন তুমি নিজ সম্প্রদায়ের সাথে মিলিত হতে পারবে।

তিনি বললেন: হে আল্লাহর রাসূল,আমি ইসলামকে ভালবেসেছি। আমাকে আপনার ঘরে আহ্বানের পূর্বেই আমি আপনাকে সত্যবাদী বলে স্বীকার করে নিয়েছি। ইহুদী ধর্মের প্রতি আমার মোটেও আগ্রহ নেই। আমার পিতা এবং ভায়েরও আগ্রহ নেই। আপনি আমাকে ইসলাম এবং কুফুরীর মধ্যে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু মুক্তি পেয়ে নিজ গোত্রের নিকট ফিরে যাওয়ার চেয়ে আল্লাহ এবং তাঁর রাসূলই আমার নিকট অধিক পছন্দনীয়।

অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে স্ত্রী হিসেবে রেখে দিলেন।