hadith book logo

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

পূর্বকথা

প্রায় ৫০০০ বছর পূর্বে মক্কা নগরীতে পবিত্র কাবা পুনঃনির্মাণের নির্দেশ পেলেন ইবরাহীম আ.। নির্মাণ শেষে সমগ্র মানবগোষ্ঠীকে লক্ষ্য করে হজে আসার আহবান জানিয়ে ঘোষণা উচ্চারণ করারও আদেশ পেলেন তিনি। নির্দেশ মতো ঘোষণা উচ্চারণ করলেন ইবরাহীম আ.। সে ইবরাহীমি ঘোষণায় সাড়া দিয়ে বর্তমানে অগণিত ধর্মপ্রাণ মুসলমান প্রতিবছর পবিত্র নগরী মক্কায় গমন করে থাকে হজ পালনের উদ্দেশ্যে।

হজ, হাতে-গোনা নির্ধারিত কয়েকটি দিনে পালিত হওয়ার বিষয় হলেও, একজন মানুষের জীবনকে ঢেলে সাজাতে সাহায্য করে নতুন করে। কেউ যখন হজ পালনের উদ্দেশ্যে ঘরসংসার ছেড়ে রওয়ানা হয় মক্কার পথে, মনে মনে সে ভাবতে লাগে যে আত্মীয়-পরিজন, জীবনের মায়া-মোহ, নিত্যদিনের ব্যস্ততা-দৌড়ঝাঁপ ইত্যাদির শেকল ছিঁড়ে সে কেবলই ধাবমান হচ্ছে আল্লাহর পানে। নিজের একান্ত পরিচিত জীবন থেকে আলাদা হয়ে প্রবেশ করতে যাচ্ছে সে আল্লাহর যিকির-স্মরণের ভিন্নতর এক জগতে। সে নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আছে ‘বায়তুল্লাহ’ আল্লাহর ঘর। যেখানে আছে রাসূলুল্লাহ স. ও তাঁর সাহাবাদের ত্যাগ ও অর্জনের সোনালি ইতিহাস। যেখানে আছে ওইসব মানুষের ত্যাগের ইতিহাস যাদের প্রতিটি নিঃশ্বাসে প্রবাহ পেয়েছে আল্লাহর স্মরণ-ভক্তি-ভালোবাসা। যাদের জীবন-মৃত্যু নিবেদিত হয়েছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হজ পালনকারীর হৃদয়ে এ ধরনের ভাবও উদিত হয় যে, এমন এক পবিত্র ভূমির দিকে সে পা বাড়াচ্ছে, আল্লাহ যেটাকে চয়ন করেছেন তাঁর শেষ হেদায়েত প্রকাশের জায়গা হিসেবে। এভাবে হজের সফর মানুষের হৃদয়ে শুরু থেকেই সৃষ্টি করে আল্লাহ-মুখী এক পবিত্র চেতনা যা হজের প্রতিটি কাজকে করে দেয় ইখলাসপূর্ণ।

হজ এক অর্থে আল্লাহর পানে সফর। হজে আল্লাহর রহমত-বরকত স্পর্শের এক উন্নততর অভিজ্ঞতা অর্জন করতে পারে একজন মানুষ। হজ এমন একটি ইবাদত যেখানে একত্রিত হয় আল্লাহর যিকির, শরীরের ক্লেশ-ক্লান্তি-শ্রম। যেখানে ব্যয় হয় উপার্জিত অর্থ। সে হিসেবে হজকে অন্যান্য ইবাদতের নির্যাস বললেও ভুল হবার কথা নয়।

মাবরুর হজের প্রতিদান জান্নাত ভিন্ন অন্য কিছু নয় বলে হাদীসে এসেছে। শরিয়তের সীমা-লঙ্ঘন ও অশালীন আচরণমুক্ত হজকারী নবজাতক শিশু তুল্য হয়ে ফিরে আসে স্বদেশে, এ কথাও ব্যক্ত হয়েছে হাদীসে স্পষ্ট ভাষায়। তবে এ ধরনের হজ কেবল পবিত্র ভূমি পর্যটন করে চলে এলেই হবে না, বরং তার জন্য প্রয়োজন প্রতিটি হজকর্মে রাসূলুল্লাহ স. এর অনুসরণ-অনুকরণ-ইত্তেবা।

আবহাস এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটির মুহতারাম চেয়ারম্যান ড. মোহাম্মদ শামসুল হক সিদ্দিক, হুজ্জাজ চেরিট্যাবল সোসাইটির মুহতারাম পরিচালক মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান সাধারণ পাঠকবর্গের জন্য পকেট গাইড হিসেবে এ পুস্তিকাটি সংকলন করেছেন; যা মূলত হুজ্জাজ চেরিট্যাবল সোসাইটির প্রকাশিত গবেষণাধর্মী-গ্রন্থ ‘‘হজ, উমরা ও যিয়ারত গাইড’’এর সংক্ষিপ্ত সংস্করণ।

সংকলকদ্বয়ের অক্লান্ত পরিশ্রম প্রশংসার দাবি রাখে। হুজ্জাজ চেরিট্যাবল সোসাইটির পক্ষ থেকে তাঁদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও দোয়া। বইটি প্রকাশে আরো অনেকেই ঐকান্তিকভাবে শ্রম দিয়েছেন। আল্লাহ তাঁদের সবার শ্রম কবুল করুন ও উত্তম জাযা দান করুন।

পরিশেষে আল্লাহর সমীপে আকুতি তিনি যেন আমাদের এই মেহনত-শ্রম কবুল করে নেন ও পরকালে আমাদের নাজাতের উসিলা বানান। আমীন!!

নুমান আবুল বাশার

চেয়ারম্যান

হুজ্জাজ চেরিট্যাবল সোসাইটি