১
সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড
লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
ইহরাম বাঁধার সময় :
হজ অথবা উমরার উদ্দেশ্যে সৌদি আরব গমন করলে ইহরাম ব্যতীত নির্দিষ্ট সীমারেখা তথা মীকাত পার হওয়া যায় না, বাংলাদেশ থেকে হজে যাওয়ার সময় বিমানে থাকা অবস্থাতেই মীকাত এসে যায়। মীকাত নিকটবর্তী হলে বিমানে কর্তব্যরত ব্যক্তিরা সাধারণত হাজী সাহেবদেরকে এ ব্যাপারে ঘোষণা দিয়ে জানিয়ে দেন। সে সময়ই ইহরামের নিয়ত করা উত্তম। কেননা রাসূলুল্লাহ স. মীকাতের পূর্বে ইহরামের নিয়ত করেননি। তবে বিমানে আরোহণের পূর্বেই ইহরামের যাবতীয় প্রস্ত্ততি সম্পন্ন করে নেবেন। শুধুমাত্র নিয়তটা বাকি রাখবেন। বিমানে আরোহণের পূর্বেও ইহরামের নিয়ত করতে পারেন, তবে তা খেলাপে সুন্নত হওয়ায় কেউ কেউ মাকরুহ বলেছেন। আপনি যদি প্রথমে মদীনায় যাওয়ার নিয়ত করে থাকেন তাহলে এ সময় ইহরামের নিয়ত করার দরকার নেই। কেননা মদীনা থেকে মক্কায় আসার পথে আরেকটি মীকাত পড়বে, সেখান থেকে ইহরাম বাঁধলেই চলবে।