hadith book logo

সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিক, মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

৮ যিলহজ : মক্কা থেকে মিনায় গমন

৮ যিলহজ হজের জন্য ইহরাম বেঁধে মিনায় গমন করতে হবে। আপনার হোটেল বা বাসা থেকেই ইহরাম বাঁধবেন। মসজিদুল হারামে গিয়ে ইহরাম বাঁধা সুন্নত নয়। এই ইহরামের পর কোনো তাওয়াফ-সাঈ নেই। অনেকেই হজের এই ইহরামের পর নফল তাওয়াফ করে সাঈ করে নেন। এরূপ করা হাদীসে নেই। সাহবায়ে কেরামদের কেউ এরূপ করেছেন বলে আমাদের জানা নেই। যেহেতু হাদীসে ও সাহাবায়ে কেরাম, সালফে সালেহীনদের যুগে এরূপ করার কোনো প্রমাণ নেই তাই এ বিষয়টি কঠিনভাবে বর্জন করা উচিত। নইলে সুন্নতের জায়গায় বিদয়াত কায়েম হবে নিঃসন্দেহে। তাই ইহরাম বেঁধে তাওয়াফ সাঈ করতে যাবেন না, বরং গাড়ীর অপেক্ষায় থাকুন ও তালবিয়া পাঠে ব্যস্ত থাকুন। গাড়ী আসার পর তালবিয়া পড়ে পড়ে মিনার দিকে রওয়ানা হন। সূর্যোদয়ের পর মিনার দিকে রওয়ানা হওয়া সুন্নত, তাই চেষ্টা করুন এ সুন্নতটিও যেন ছুটে না যায়। তবে যদি মুয়াল্লেমের গাড়ী চলে আসে তবে সূর্যোদয়ের পূর্বেই চলে যান। এতে কোনো সমস্যা হবে না।

মিনায় গিয়ে যোহর আসর, মাগরিব এশা ও পর দিন ফজরের সালাত আদায় করুন। এ কয়টি সালাত মিনায় আদায় করা সুন্নত। আপনি মুকিম না মুসাফির সে কথা বিবেচনায় রেখে চার রাকাত বিশিষ্ট সালাত দু’রাকাত করে কসর অথবা পূর্ণাঙ্গ আকারে পড়ুন। সাধ্য মত তালবিয়া পাঠে ব্যস্ত থাকুন। সময়-সুযোগ পেলে হজের মসলা-মাসায়েল সম্পর্কে পড়াশোনা করুন। বিজ্ঞ আলেমদের ব্যাখ্যা-বিশ্লেষণ শুনুন। ৯ যিলহজ সূর্যোদয়ের পর তালবিয়া পড়ে পড়ে আরাফার উদ্দেশ্যে যাত্রা করুন।