hadith book logo

সালাতে বিনয়ী হওয়ার তেত্রিশ উপায়

লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

৮- সূতরাকে সামনে রেখে সালাত আদায় করা এবং সুতরার কাছাকাছি দাঁড়ানো

সালাতে খুশু হাসিলের জন্য সহায়ক বিষয়সমূহ হতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সুতরা কায়েম করার প্রতি গুরুত্ব দেয়া ও সুতরার নিকটে দাড়িয়ে সালাত আদায় করা। কারণ, এটি মুসল্লির দৃষ্টির নিয়ন্ত্রক, শয়তান হতে রক্ষাকারী, সামনে দিয়ে মানুষের চলাফেরা কারণে বিঘ্ন ঘটানো হতে নিরাপদ। কারণ, সুতরা না থাকলে এগুলো মুসল্লির সালাতে বিঘ্ন ঘটায় এবং মুসল্লির সালাতের সাওয়াবকে কমিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

« إذا صلى أحدكم فليصل إلى سترة و ليدن منها »

“যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে, তখন সে যেন, সুতরার দিকে সালাত আদায় করে এবং সুতরার কাছাকাছি দাড়ায়”। [আবু দাউদ, হাদিস: ৬৯৫, ১/৪৪৬। সহীহুল জামে‘, হাদিস: ৬৫১।] সুতরার কাছাকাছি দাঁড়ানোতে অনেক উপকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إذا صلى أحدكم إلى سترة فليدن منها، لا يقطع الشيطان عليه صلاته »

“তোমরা যখন সুতরা স্থাপন করে সালাত আদায় করবে, তখন সুতরার নিকটে দাঁড়াবে, যাতে শয়তান সালাতকে নষ্ট করতে না পারে”। [আবু দাউদ হাদিস: ৬৯৫, ১/৪৪৬, সহীহুল জামে‘ ৬৫০।] সুতরা স্থাপনের সুন্নাত তরিকা হল, সুতরাটির মধ্যে ও লোকটির মধ্যে তিন হাত পরিমাণ দূরত্ব হবে। আর সেজদার স্থান ও সুতরার মাঝে এক ছাগল অতিক্রম করার স্থান পরিমাণ দূরত্ব হবে। যেমনটি বিশুদ্ধ হাদিসসমূহে বর্ণিত। [বুখারি, ফতহুল বারী দেখুন। ১/৫৭৪, ৫৭৯।]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিকে এ অসিয়ত করেন, যাতে কাউকে তার ও সুতরার মাঝে অতিক্রম করতে অনুমতি না দেয়। তিনি বলেন,

«إذا كان أحدكم يصلي فلا يدع أحدا يمر بين يديه ، و ليدرأه ما استطاع فإن أبى فليقاتله فإن معه القرين»

“যখন তোমাদের কেউ সালাত আদায় করে, সে যেন কাউকে তার সামনে দিয়ে অতিক্রম করতে না দেয়। সে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাকে প্রতিহত করবে। তারপরও যদি সে অস্বীকার করে, তবে তার সাথে মুকাবালা করবে। কারণ তার সাথে রয়েছে শয়তান”। [মুসলিম, হাদিস ১/২৬০ সহীহুল জামে‘, হাদিস: ৭৫৫।]

ইমাম নববী রহ. বলেন, “সুতরা স্থাপন করার হিকমত হল, সুতরার বাহিরের দিক তাকানো হতে মুসল্লি তার চক্ষুকে বিরত রাখা এবং মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারীকে বাধা প্রদান করা। শয়তানকে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করতে বাধা দেওয়া, আর শয়তান দ্বারা তার সালাত নষ্ট করার সুযোগ না দেওয়া।” [দেখুন, সহীহ মুসলিমের ব্যাখ্যা, ৪/২১৬।]