hadith book logo

ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব

লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

মাকাসিদ আশ্-শারীয়াহ্ এর প্রকরণসমূহ

আমরা জানি ইসলামী শারীয়াহ্-এর প্রতিটি বিধানেরই রয়েছে বিশেষ উদ্দেশ্য। শারীয়াহ্-এর এ সকল মাকাসিদ ও উদ্দেশ্যকে তিনটি প্রকরণে ভাগ করা যায়, যার প্রত্যেকটিতে রয়েছে আলাদা আলাদা প্রকারভেদ [মাকাসিদুশ-শারীয়াহ্ আল-ইসলামিয়াহ, ড. মুহাম্মাদ সা‘দ আল-ইয়ূবী, পৃঃ ১৭৯]।

প্রথম প্রকরণঃ মৌলিকত্বের দিক থেকে মাকাসিদ আশ্-শারীয়াহ্ দু’ প্রকারঃ

মৌলিক মাকাসিদঃ এ দ্বারা শারীয়াহ্-এর প্রাথমিক উদ্দেশ্য ও মাকাসিদ বুঝানো হয়েছে অর্থাৎ শরীয়ত প্রণেতা কোনো নির্দেশ দ্বারা প্রথম যে উদ্দেশ্য নির্ধারণ করেছেন তা বুঝানো হয়েছে। যেমন, সালাত আদায়ের যে নির্দেশ দেয়া হয়েছে তার মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আনুগত্য, স্মরণ এবং অন্যায় ও অশ্লীলতা থেকে মুক্তি।

গৌণ ও আনুষাঙ্গিক মাকাসিদঃ যে সব মাকাসিদ মৌলিক মাকাসিদের সাথে কিংবা পরে অর্জিত হয় সেগুলো হচ্ছে গৌণ ও আনুষাঙ্গিক মাকাসিদ। যেমন, সালাত আদায়ের মাধ্যমে শারীরিক-মানসিক প্রশান্তি লাভ, অযুর মাধ্যমে পরিচ্ছন্নতা অর্জন ইত্যাদি।

দ্বিতীয় প্রকরণঃ ব্যাপকতার দিক থেকে মাকাসিদ আশ্-শারীয়াহ্ তিন প্রকারঃ

ব্যাপক মাকাসিদঃ ইসলামী শারীয়াহ্-এর সকল ক্ষেত্রে ও সকল অধ্যায়ে যে সকল মাকাসিদ ও উদ্দেশ্য বাস্তবায়নের প্রতি লক্ষ্য রাখা হয়েছে, সেগুলো হচ্ছে ব্যাপক মাকাসিদ। যেমন,

(ক) মাসালিহ তথা কল্যাণ সাধন এবং মাফাসিদ তথা অকল্যাণ ও ক্ষতি প্রতিহতকরণ।

(খ) সহজীকরণ ও কঠোরতা বিলোপ ইত্যাদি।

নির্দিষ্ট মাকাসিদঃ শারীয়াহ্ এর নির্দিষ্ট অধ্যায় ও বিষয়ভিত্তিক যে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, সেগুলোকে বলা হয় নির্দিষ্ট বা খাস মাকাসিদ। যেমন, সালাতের উদ্দেশ্য, সাওম ও হাজ্জের বিশেষ উদ্দেশ্য ইত্যাদি।

ক্ষুদ্র মাকাসিদঃ শারীয়াহ্-এর যে সকল মাকাসিদ শুধুমাত্র কোন একটি নির্দিষ্ট মাসআলার সাথে সংশ্লিষ্ট থাকে, তাকে বলা হয় ক্ষুদ্র মাকাসিদ। যেমন, অযুর সময় নাকে পানি দেয়ার উদ্দেশ্য কিংবা সালাতে রুকু আদায়ের উদ্দেশ্য ইত্যাদি।

তৃতীয় প্রকরণঃ মাসালিহ বা মানব কল্যাণ সাধনের যে উদ্দেশ্যে শারীয়াহ্ প্রণীত হয়েছে সে দিক থেকে মাকাসিদ তিন প্রকার :

মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ (আদ্-দারুরিয়্যাত)

মানব জীবনের প্রয়োজনসমূহ (আল-হাজিয়্যাত)

মানব জীবনের শোভাবর্ধনকারী বিষয়সমূহ (আত-তাহসীনীয়্যাত)