hadith book logo

ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব

লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

মাকাসিদ আশ-শারীয়াহ্ ও ইজতিহাদ

ইমাম শাতেবীর মতে মুজতাহিদের জন্য মাকাসিদের জ্ঞান থাকা শর্ত। কেননা মাকাসিদ বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাবে ইজতিহাদ ভুল-ভ্রান্তিতে পর্যবসিত হওয়ার সম্ভাবনাই বেশী [আল-মুয়াফাকাত, ৪/১৭৯]। আল্লামা তাহির ইবন ‘আশূরও অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে, ইজতিহাদের সকল ক্ষেত্রে ইলমুল মাকাসিদ এর জ্ঞান থাকা অপরিহার্য [মাকাসিদ আশ-শারীয়াহ্ আল-ইসলামিয়াহ, পৃঃ ১৫-১৬]।

যে কোন বিষয়ে মুজতাহিদ হুকুম দেয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে, এতে শারীয়াহ্ এর উদ্দেশ্য কি, যাতে করে একই রকম অন্যান্য বিষয়ে অনুরূপ হুকুম প্রদান করা যায়। শারীয়াহ্ এর একটি অন্যতম দলীল কিয়াস বাস্তবায়নের ক্ষেত্রে মাকাসিদ এর জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশী। তাছাড়া মাসালিহ মুরসালা শারীয়াহ্ সমর্থিত কিনা তা পুরোপুরি নির্ভর করে ইলমুল মাকাসিদ এর উপর।