hadith book logo

ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব

লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

দীনের নির্দেশনা অনুযায়ী আমল করাঃ

আল্লাহ এ দীন প্রণয়ন করেছেন সে অনুযায়ী আমল করার জন্য, দীনের কিছু বচন ও উক্তি হেফাযত করার জন্য শুধু নয়। কেননা দীন হচ্ছে আকীদা-বিশ্বাস ও আমলের সমন্বয়। আকীদা হচ্ছে দীনের মূল, আর আমল ছাড়া দীনের সুফল কোনো মতেই পাওয়া যাবে না। প্রত্যেক মুসলিম বাস্তব জীবনে দীনকে বাস্তবায়ন করতে সক্ষম হলে অচিরেই তার সুফল দেখতে পাবে। অতএব দীনের সুরক্ষার জন্য সে অনুযায়ী আমল করা অত্যন্ত জরুরী। এজন্যই আল্লাহ তা‘আলা মানুষের উপর সালাত, সাওম, হজ্জ ও যাকাতসহ আরো অনেক আমল ফরয করেছেন।

দীন অনুযায়ী আমলের একটা সর্বনিম্ন সীমা রয়েছে যা অতিক্রম করার অনুমতি কাউকে দেয়া হয় নি। তা হচ্ছে ফরয-ওয়াজিব মেনে চলা এবং হারাম পরিত্যাগ করা। ড. আবদুল্লাহ আহমাদ আল-কাদরী বলেন, ‘‘এ থেকেই আল্লাহ তা‘আলা মুসলিমদের প্রত্যেক ব্যক্তির উপর একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দিয়েছেন যদ্বারা দীনের সুরক্ষা হয়ে থাকে। এগুলো হচ্ছে ফরযে আ’ইন যা পালন থেকে কেউই অব্যাহতি পায় না যতক্ষণ পর্যন্ত শারীয়াহ্-এর অর্পিত দায়িত্ব পালনের বুদ্ধিগত সামর্থ ও কার্যে পরিণত করার বাস্তব সক্ষমতা তার থাকে। এর উদাহরণ হচ্ছে, ঈমান ও ইসলামের মূলভিত্তিসমূহ। আল্লাহ প্রত্যেককেই ঈমান ও ইসলাম অনুযায়ী আমলের দায়িত্ব দিয়েছেন...’’ [ইসলাম ও জীবনের অপরিহার্য বিষয়সমূহ, পৃঃ ৩১]।

দীনের আমল মানুষের জীবনে সত্যিকার অর্থে ফলপ্রসূ ও প্রভাবশালী করার জন্য প্রয়োজন এগুলোকে আল্লাহর নির্দেশিত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পন্থায় পালন করা। এভাবে আমল করতে পারলেই তা হবে প্রকৃত দীন। কিন্তু যখনই বাস্তবায়নে ত্রুটি দেখা দেবে এবং প্রকৃত দীন ও আমলে পার্থক্য সূচিত হবে তখন এ আমলকারীকে প্রকৃত দীনের অনুসারী আমলদার হিসাবে গণ্য করা হবে না। এখান থেকেই আমরা মুসলিম ও ইসলামের মধ্যে পার্থক্য উপলদ্ধি করতে পারি। কেননা মুসলিমদের কাজ কখনো ঠিক হতে পারে কখনো ভুল হতে পারে, কখনো হক ও কখনো বাতিল হতে পারে, কিন্তু ইসলাম শুধুই হক ও সত্যাশ্রয়ী, এতে বাতিল থাকার কোনই সম্ভাবনা নেই। ফলে আজকের মুসলিমদের কাজকর্ম দীনের বিরুদ্ধে কোনো দলীল হতে পারে না বরং প্রকৃত দীনের আলোকেই সকলের কর্মধারা যাচাই করা হবে।