hadith book logo

চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান

লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

কালাম (তর্কশাস্ত্র) ও দীনের বিষয়ে ঝগড়া করা থেকে তার নিষেধ করা

হারাভী রাবী ইবন সুলাইমান থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি শাফে‘ঈকে বলতে শুনেছি: কোন ব্যক্তি যদি তার ইলমী কিতাবগুলো অন্য কাউকে দিয়ে দেয়ার অসিয়ত করে যায় এবং তাতে যদি কালাম শাস্ত্রের কোন বই থাকে, তাহলে তার কালাম শাস্ত্র সম্পর্কিত কিতাবগুলো অসিয়তের অর্ন্তভুক্ত হবে না। কারণ এগুলো ইলম নয়।

হারাভী হাসান আয-যা‘আফরানী থেকে বর্ণনা করেন তিনি বলেছেন: আমি শাফে‘ঈকে বলতে শুনেছি: আমি জীবনে একবারের বেশি কারো সাথে কালাম শাস্ত্র নিয়ে বিতর্ক করিনি। আর আমি এখন তা থেকে আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি।

হারাভী রাবী ইবন সুলাইমান থেকে বর্ণনা করেন, তিনি বলেন, শাফে‘ঈ বলেছেন, আমি ইচ্ছা করলে প্রত্যেক বিরোধী লোকের প্রতিবাদে বড় একটি কিতাব রচনা করতে পারতাম। কিন্তু ইলমুল কালাম নিয়ে কথা বলা আমার জন্য শোভনীয় নয়। ইলমুল কালামের কোন কিছু আমার দিকে সম্বোধন করা হোক আমি তা পছন্দ করি না।

ইবন বাত্তাহ আবূ সাওর থেকে বর্ণনা করেন, তিনি বলেন, শাফে‘ঈ আমাকে বললেন, কালামের কোন কিছুতে ঘুরপাক খেয়েছে এমন কাউকে সফল হতে আমি দেখিনি।

হারাভী ইউনুস আল-মাসরী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, শাফে‘ঈ বলেছেন, আল্লাহ তা‘আলা যেসব কাজ থেকে নিষেধ করেছেন, তার মধ্য থেকে আল্লাহর সাথে শির্ক ছাড়া অন্য কিছুতে আক্রান্ত হওয়া ইলমুল কালামের ফিতনায় পড়া থেকে উত্তম।

দীনের মৌলিক বিষয়ে এ হলো ইমাম শাফে‘ঈ—রাহিমাহুল্লাহু— এর মতামত এবং ইলমে কালাম বিষয়ে তার অবস্থান।