hadith book logo

সূরা আত-তাওবার তাফসীর

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

দীন ইসলাম সকল ধর্মের উপরে বিজয়ী:

এরপর আল্লাহ তা‘আলা বলেন: هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ “তিনি তাঁর রাসূলকে হিদায়াত আর সঠিক দ্বীনসহ পাঠিয়েছেন” هدى -এর অর্থ হচ্ছে সত্য বিবরণ, বিশুদ্ধ ঈমান এবং উপকারী জ্ঞান আর دين حق হচ্ছে দুনিয়া ও অখিরাতের উপকারী বিশুদ্ধ [সৎ] আমল।

لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ “যাবতীয় দ্বীনের উপর একে বিজয়ী করার জন্য” অর্থাৎ সকল দীনের উপরে। যেমন বিশুদ্ধ হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ তা‘আলা পৃথিবীর পূর্ব ও পশ্চিম পার্শ্ব টেনে আমার নিকটে করে দেন (আমার দেখার জন্য) আমার উম্মাতের শাসনক্ষমতা আমাদের দেখা অঞ্চলগুলো পর্যন্ত বিস্তৃত হবে। ইমাম আহমাদ বর্ণনা করেন।

তামীমদারী রাদিয়াল্লাহু আনহু বলেন: আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি: এই বিষয় (ইসলাম) সে পর্যন্ত গিয়ে পৌঁছবে যে পর্যন্ত দিবা-রজনী পৌঁছে। তিনি আরও বলেন, কাদামাটি এবং চুল-পশমের তৈরী প্রতিটি বাড়িতে এই দীন প্রবেশ করাবেন (একটিও বাড়িও বাদ রাখবেন না)। তিনি সম্মানিতকে সম্মানিত করবেন আর হীন ব্যক্তিকে অপদস্থ করবেন। তিনি সম্মানের মাধ্যমে ইসলামকে (এর অনুসারীদেরকে) উন্নীত করবেন আর অপমান দ্বারা কুফুরীকে (এবং এর অনুসারীদের) নিচে নামিয়ে দিবেন। তামীম দারী বলতেন: আমার পরিবারের লোকদের দ্বারাই এর প্রমাণ পেয়েছি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তারা কল্যাণ ও সম্মান-মর্যাদা লাভ করেছে, আর যারা কাফের ছিল তারা অপমান-অপদস্থ হয় এবং জিযিয়া প্রদান করেছে।

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡأَحۡبَارِ وَٱلرُّهۡبَانِ لَيَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۗ وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ ٣٤ يَوۡمَ يُحۡمَىٰ عَلَيۡهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكۡوَىٰ بِهَا جِبَاهُهُمۡ وَجُنُوبُهُمۡ وَظُهُورُهُمۡۖ هَٰذَا مَا كَنَزۡتُمۡ لِأَنفُسِكُمۡ فَذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡنِزُونَ ٣٥﴾ [ التوبة : ٣٤، ٣٥ ]

“৩৪. হে ঈমানদারগণ! অবশ্যই ‘আলিম ও দরবেশদের অধিকাংশই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের সম্পদ গ্রাস করে থাকে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে আর আল্লাহর পথে তা ব্যয় করে না তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও। ৩৫. যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে আর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে দাগ দেওয়া হবে, (আর তাদেরকে বলা হবে) ‘এটা হল, যা তোমরা নিজেদের জন্য স্তূপীকৃত করেছিলে, কাজেই যা জমা করছিলে তার স্বাদ গ্রহণ কর।” [সূরা আত-তাওবাহ: ৩৪-৩৫]