hadith book logo

সূরা আত-তাওবার তাফসীর

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

গায়েবী সাহায্যের উপরে বিজয়ের সীমাবদ্ধতা:

ইবনু জুরাইজ বর্ণনা করেন, মুজাহিদ বলেন: এই হচ্ছে বারা’আতের অবতীর্ণ হওয়া প্রথম আয়াত, যাতে আল্লাহ তা‘আলা মুমিনগণের উপরে তাঁর দয়া ও অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। তিনি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে থাকাবস্থায় বহু স্থানে যুদ্ধে সাহায্য করেছেন। আর তা তাঁর পক্ষ থেকে হয়েছে। তিনি তাঁদেরকে শক্তিশালী করেছেন আর তাদের ব্যাপারে ফায়সালা দিয়েছেন বিধায় তা সংঘটিত হয়েছে। তাদের সংখ্যা এবং পর্যাপ্ত পরিমাণ সৈন্য সরবরাহ থাকার কারণে নয়। তিনি তাদেরকে অবহিত করেন যে, বিজয় তাঁর পক্ষ থেকে এসে থাকে, চাই দল অল্প হোক কিংবা বেশি হোক। হুনাইনের যুদ্ধে মুসলিমবৃন্দ নিজেদের সংখ্যা দেখে খুশি হয়েছিল; কিন্তু তা সত্ত্বেও সেটা তাদের উপকারে আসে নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তাদের অল্প কয়েকজন থেকে যাওয়া ছাড়া বাকিরা পৃষ্ঠ-প্রদর্শন করে পলায়ন করেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সঙ্গে যে সব মুমিন থেকে গিয়েছিলেন তাদের উপরে তাঁর সাহায্য নেমে আসে। ইনশা’আল্লাহ এ ব্যাপারে শীঘ্রই আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে লোকেরা অবহিত হয় যে, বিজয় কেবল আল্লাহ তা‘আলার পক্ষ থেকে আসে আর তাঁর সাহায্যে, যদিও দল অল্প হয়, ‘আল্লাহর হুকুমে বহু ক্ষেত্রে ক্ষুদ্র দল বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়েছে।’ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।