hadith book logo

সাহিত্যিক মাওলানা আহমাদ আলী

লেখকঃ হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

(গ) কালিগঞ্জের বাহাছ :

লাবসায় থাকাকালীন সময়ে সাতক্ষীরা যেলার কালিগঞ্জ উপযেলার জনৈক মাওলানা তমীযুদ্দীন মাওলানা আহমাদ আলীকে ‘আহলেহাদীছ’ আক্বীদা সম্পর্কে চ্যালেঞ্জ করলে তিনি তা গ্রহণ করেন। যার ফলে সংঘটিত হয় স্মরণীয় ‘কালিগঞ্জের বাহাছ’। ইংরেজী ১৯২৫ সালের ১২ ও ১৩ই মার্চে অনুষ্ঠিত এই বাহাছে হানাফী পক্ষে যোগদান করেন পশ্চিমবঙ্গের বসিরহাটের ফুরফুরা দরবারের বিখ্যাত পীর মাওলানা রূহুল আমীন সহ অন্যান্য ওলামায়ে কেরাম এবং মোহাম্মাদী (আহলেহাদীছ) পক্ষে যোগদান করেন মাওলানা আহমাদ আলী, কলিকাতার মাওলানা বাবর আলী, মাওলানা এফাযুদ্দীন ও অন্যান্য ওলামায়ে কেরাম। উক্ত বাহাছে যে আহলেহাদীছ আক্বীদার বিজয় ঘোষিত হয়, তা নীচের শালিশনামা দেখলেই বুঝা যায়। বহুল প্রচারিত উক্ত বাহাছের শালিশনামা তৎকালীন পত্রিকা হ’তে হুবহু এখানে উদ্ধৃত হ’ল। প্রকাশ থাকে যে, উক্ত বাহাছে শালিশ ছিলেন শ্যামনগর উপযেলার অন্তর্গত ঈশ্বরীপুরের তৎকালীন নামকরা জমিদার শ্রীযুক্ত শ্রীশ বাবু।