hadith book logo

সৎব্যক্তিদের আসরসমূহ থেকে চার আসর

লেখকঃ শাইখ আহমদ আর-রুমী আল-হানাফী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

দ্বিতীয় আসর: (মূলগ্রন্থে তা আঠারতম আসর) বিদ‘আতের প্রকারভেদ ও তার বিধান প্রসঙ্গে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ» . ( أخرجه مسلم ) .

“অতঃপর, সর্বাধিক সত্য কথা হল আল্লাহর কিতাব; আর সব জীবনাদর্শের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শই সর্বোৎকৃষ্ট; আর দীনের মাঝে বিদ‘আত তথা নতুন কিছু উদ্ভাবন করা সর্বাপেক্ষা মন্দকাজ; আর প্রত্যেক বিদ‘আতই পথভ্রষ্টতা।” [মুসলিম (২/৫৯২), জুম‘আ অধ্যায়, পরিচ্ছেদ: সালাত ও খুতবা সহজকরণ প্রসঙ্গে ( باب تخفيف الصلاة و الخطبة ); আহমদ (৩/৩১০, ৩১১), তিনি হাদিসটি জা‘ফর ইবন মুহাম্মদ থেকে, তিনি তার পিতা থেকে, তিনি জাবির রা. থেকে মারফু‘ সনদে বর্ণনা করেছেন।] এই হাদিসটি ‘মাসাবীহ’ ( المصابيح ) গ্রন্থের বিশুদ্ধ হাদিসসমূহের অন্তর্ভুক্ত, যা জাবির রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেছেন।

ইরবাদ্ব ইবন সারিয়া রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত অপর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فان كل محدثة بدعة وان كل بدعة ضلالة » . ( أخرجه أحمد و الترمذي ) .

“আমার মৃত্যুর পরে তোমাদের মধ্য থেকে যে বেঁচে থাকবে, অচিরেই সে বহু মতবিরোধ দেখতে পাবে; সুতরাং তোমাদের উপর আবশ্যকীয় কর্তব্য হল, তোমরা আমার পরে আমার সুন্নাত ও খোলাফায়ে রাশেদীনের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে ও দাঁত দ্বারা কামড়ে থাকবে; আর দীনের মাঝে বিদ‘আত তথা নতুন কিছু উদ্ভাবন করা থেকে বেঁচে থাকবে; কারণ, দীনের মাঝে নতুন কিছু উদ্ভাবন করাই হল বিদ‘আত; আর প্রত্যেক বিদ‘আতই পথভ্রষ্টতা।” [আহমদ (৩/৩১০), তিরমিযী (৫/৪৪), হাদিস নং- ২৬৭৬, ইলম অধ্যায়, পরিচ্ছেদ: সুন্নাহকে গ্রহণ করা এবং বিদ‘আত থেকে দূরে থাকা প্রসঙ্গে ( باب ما جاء في الأخذ بالسنة واجتناب البدع ), তিনি হাদিসটি আবদুর রহমান ইবন ‘আমর আস-সুলামীর ধারায় ‘ইরবাদ ইবন সারিয়া রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সনদে বর্ণনা করেছেন। আর ইমাম বর্ণনা করেছেন (৪/১২৭) এবং ইমাম আবূ দাউদ (৫/১৩), হাদিস নং- ৪৬০৭, সুন্নাহ অধ্যায়, পরিচ্ছেদ: সুন্নাহ’র অপরিহার্যতা প্রসঙ্গে ( باب في لزوم السنة ); হাকেম (১/৯৭) এবং তিনি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন; ইবনু হাব্বান (১/১০৪), হাদিস নং- ৫; আবূ না‘ঈম, আল-হিলইয়া [ الحلية ] (১০ /১১৫), তারা সকলেই আবদুর রহমান ইবন ‘আমর ও হিজর ইবন হিজর আল-কালা‘য়ী’র ধারায় ‘ইরবাদ ইবন সারিয়া রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সনদে বর্ণনা করেছেন; আর আলবানী ‘সহীহ আল-জামে‘ আস-সাগীর’ ( صحيح الجامع الصغير ) –এর মধ্যে (১/৪৯৯) হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, হাদিস নং- ২৫৪৯।]