hadith book logo

ঈমানের রুকনসমূহ

লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

(৩) তাকদীরের প্রকার:

(ক) সকল সৃষ্টজীবের সাধারণ তাকদীর লিপিবদ্ধকরণ। আর সেটাই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর আগে লাওহে মাহফুযে লিপিবদ্ধ করা হয়েছে।

(খ) সারা জীবনের তাকদীর লিপিবদ্ধকরণ। আর তা হলো বান্দার মাঝে রুহ্ বা আত্মা ফুঁকে দেওয়ার সময় থেকে তার শেষ নিশ্বাস পর্যন্ত যা কিছু সংঘটিত হবে তা নির্ধারণ করা।

(গ) বাৎসরিক তাকদীর নির্ধারণ। আর তা হলো, প্রত্যেক বৎসর যা কিছু সংঘটিত হবে তা নির্ধারণ করা। সেটা প্রত্যেক বৎসরের লাইলাতুল কদর তথা মহিমান্বিত রজনীতে হয়ে থাকে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ ٤﴾ [ الدخان : ٤ ]

“এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।” [সূরা-আদ-দুখান আয়াত: ৪]

(ঘ) দৈনন্দিন তাকদীর নির্ধারণ, আর তা হলো সম্মান, অপমান, (কিছু) দেওয়া না দেওয়া জীবিত করা, মৃত্যু দান ইত্যাদি যা দৈনন্দিন সংঘটিত হবে, তা নির্ধারণ করা। আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَسۡ‍َٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ ٢٩﴾ [ الرحمن : ٢٩ ]

“আসমান ও জমিনে বিচরণশীল সকলেই তাঁর কাছে প্রার্থী, প্রত্যেক দিন কোনো না কোনো মহৎকর্মে রত রয়েছেন।” [সূরা আর-রহমান আয়াত: ২৯]