hadith book logo

ঈমানের রুকনসমূহ

লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

দ্বিতীয় রুকন: ফিরিশতাদের ওপর ঈমান (১) ফিরিশতাদের পরিচয়

ফিরিশতাদের ওপর ঈমান হচ্ছে এ দৃঢ় বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ তা‘আলার অনেক ফিরিশতা রয়েছেন। তিনি তাদেরকে নূর (জ্যোতি) থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবে তারা আল্লাহর অনুগত। তারা কখনও আল্লাহর আদেশের অবাধ্য হন না, বরং যা আদিষ্ট হন তা পালন করেন। তারা দিবা-রাত্রি আল্লাহর তাসবীহ্ (পবিত্রতা) বর্ণনায় রত, কখনও ক্লান্ত হন না। তাদের সংখ্যা আল্লাহ তা‘আলা ব্যতীত কেউ জানে না। আর আল্লাহ তাদেরকে বিভিন্ন প্রকার (কর্মের) দায়িত্ব অর্পণ করেছেন।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ﴾ [ البقرة : ١٧٧ ]

“বরং বড় সৎকাজ হলো এই যে, ঈমান আনবে আল্লাহর ওপর , শেষ দিবসের ওপর এবং ফিরিশতাদের ওপর।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৭৭

তিনি আরো বলেন,

﴿كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ﴾ [ البقرة : ٢٨٥ ]

“সকলেই ঈমান রাখেন আল্লাহর প্রতি, তাঁর ফিরিশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের প্রতি।” [সূরা আল-বাকারা, আয়াত: ২৮৫]

জিবরীল ‘আলাইহিস সালামের প্রসিদ্ধ হাদীসে এসেছে, যখন জিবরীল ‘আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন- ঈমান, ইসলাম ও ইহসান সম্পর্কে তখন জিবরীল ‘আলাইহিস সালাম বলেন, আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,

«أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره»

“ঈমান হলো, আল্লাহ, তাঁর ফিরিশতাদের, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও শেষ দিবসের ওপর ঈমান আনা এবং তাকদীরের ভালো-মন্দের ওপর ঈমান আনা।”

ইসলামে ফিরিশতাদের প্রতি ঈমানের স্থান ও তার বিধান:

ফিরিশতাদের ওপর ঈমান আনা, ঈমানের ছয়টি রুকনের দ্বিতীয় রুকন বা স্তম্ভ।

ফিরিশতাদের ওপর ঈমান আনা ছাড়া কোনো ব্যক্তির ঈমান সঠিক ও গ্রহণযোগ্য হবে না।

সম্মানিত ফিরিশতাদের ওপর ঈমান আনা ওয়াজিব হওয়ার ওপর সকল মুসলিম একমত। যারা সকল ফিরিশতাদের অথবা তাদের আংশিকের অস্তিত্বকে, যাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তাদের কাউকে অস্বীকার করবে তারা কুফুরী করলো এবং কুরআন, হাদীস ও ইজমার বিরোধিতা করলো। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمَن يَكۡفُرۡ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ فَقَدۡ ضَلَّ ضَلَٰلَۢا بَعِيدًا ١٣٦﴾ [ النساء : ١٣٦ ]

“যে আল্লাহ তা‘আলাকে, তাঁর ফিরিশতাদেরকে, তাঁর কিতাবসমূহকে এবং তাঁর রাসূলগণকে ও শেষ দিবসকে অস্বীকার করবে, সে পথভ্রষ্ট হয়ে বহুদূরে গিয়ে পড়বে।” [সূরা আন-নিসা, আয়াত: ১৩৬]