hadith book logo

ঈমানের রুকনসমূহ

লেখকঃ ইলমী গবেষণা ডীনশীপ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

(৬) আল্লাহর সৃষ্টি ও বান্দার কর্মের মাঝে সমন্বয়:

আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন ও তার (বান্দার) কর্মসমূহকে সৃষ্টি করেছেন ও তাকে ইচ্ছা ও শক্তি দিয়েছেন। তাই বান্দাই প্রকৃতপক্ষে তার কর্মের সম্পাদনকারী, সারাসরি তা আদায়কারী। কারণ, তার ইচ্ছা ও শক্তি রয়েছে।

অতঃপর সে যদি ঈমান আনে, তবে সে তার ইচ্ছায় ও ইরাদায় ঈমান আনলো। আর সে যদি কুফুরী করে তবে সে তার ইচ্ছায় ও পূর্ণ ইরাদায় কাফির হলো। যেমন, আমরা বলে থাকি যে, এই ফল এই গাছের আর এই ফসল এই ক্ষেতের। অর্থ হলো, নিশ্চয় তা থেকে উৎপন্ন হয়েছে। আর আল্লাহর দিক থেকে এর অর্থ হবে, নিশ্চয় আল্লাহ এটাকে তা থেকে সৃষ্টি করেছেন। এই দুইয়ের মাঝে কোনো প্রকারের বিরোধ নেই।

আর এর দ্বারা (শার‘উল্লাহ) আল্লাহর প্রণয়ন ও তাঁর নির্ধারণ এক বলে বিবেচিত হয়। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ٩٦﴾ [ الصافات : ٩٦ ]

“অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন।” [সূরা আস-সাফফাত, আয়াত: ৯৬]

তিনি আরো বলেন,

﴿فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ٥ وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ٦ فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ٧ وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ٨ وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ٩ فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ١٠﴾ [ الليل : ٥، ١٠ ]

“অতএব, যে দান করে এবং তাকওয়া অবলম্বন করে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমরা তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব, আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, আমরা তাকে কষ্টের জন্যে সহজ পথ দান করব।” [সূরা আল-লাইল, আয়াত: ৫-১০]