hadith book logo

আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা

লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

দ্বিতীয় অধ্যায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমের বিবরণ প্রথম পরিচ্ছেদ: উম্মতের সংশোধন করা ও তাদের মানুষরুপে গড়ে তোলার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত ও বুদ্ধি ভিত্তিক অবস্থান

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে দেখেন যে, মদিনার অধিবাসীরা বিভিন্ন গোত্রে বিভক্ত এবং তারা নানাবিধ বিপরীতমুখী বিশ্বাসে জর্জরিত। তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যে সম্পূর্ণ বিপরীতমুখী, তাদের চিন্তা চেতনায় একে অপরের সাথে কোনো প্রকার মিল নেই। তাদের মধ্যে নতুন ও পুরাতন বিভিন্ন ধরনের মতানৈক্য ও মতপার্থক্যের কোনো অভাব ছিল না। কিছু পার্থক্য ছিল এমন যেগুলো তারা নিজেরা আবিষ্কার করে, আর কিছু ছিল যে গুলো তারা তাদের পূর্বসূরিদের থেকে মিরাসি সূত্রে পায়। মদিনার এ দ্বিধাবিভক্ত লোকগুলোকে ইতিহাসের আলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়।

এক. আওস, খাযরাজ ও মুহাজির মুসলিম।

দুই. আওস ও খাযরাজের মুশরিকরা; যারা ইসলামে প্রবেশ করে নি।

তিন. ইয়াহূদী সম্প্রদায়। তারাও আবার একাধিক গোত্রে বিভক্ত ছিল। যেমন, বনী কাইনুকা; যারা ছিল খাজরায গোত্রের সহযোগী। বনী নাজির ও বনী কুরাইযা; এ দু’টি গোত্র আওস গোত্রের লোকদের সহযোগী ছিল।

এখানে একটি কথা মনে রাখতে হবে, আওস ও খাযরাজ গোত্রের মধ্যে দ্বন্ধ ছিল প্রাচীন ও ঐতিহাসিক। জাহেলিয়্যাতের যুগে তারা উভয় গোত্র সব সময় যুদ্ধ বিদ্রোহে লিপ্ত থাকত। যুগ যুগ ধরে তারা সামান্য বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ চালাতো। তারা এতই খারাপ ছিল, তাদের অন্তরে সব সময় যুদ্ধের দাবানল জ্বলতে থাকত এবং যুদ্ধ করা ছিল তাদের নেশা। [বিদায়া ওয়ান নিহায়া: ২১৪/৩; সীরাতে ইবন হিশাম: ১১৪/২; যাদুল মা‘আদ ১৫৩/২; আর-রাহীকুল মাখতুম, ১৭১; হাযাল হাবীবু ইয়া মুহিব্ব: ১৭৪; তারিখে ইসলামী মাহমুদ শাকের ৬২/৩; সহীহ বুখারী, হাদীস নং ৪২৮; সহীহ মুসলিম, কিতাবুল মাসাজিদ, পরিচ্ছেদ: মসিজদ নির্মাণ প্রসঙ্গ, হাদীস নং ৫২৪।]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে প্রথমেই তিনি তার স্বীয় বুদ্ধিমত্তা, জ্ঞান ও কৌশল দিয়ে এ সব সমস্যাগুলো চিহ্নিত করে সে গুলোকে সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেন। এসব সমস্যা সমাধান, বাস্তব প্রেক্ষাপটকে নিয়ন্ত্রণ করা ও তাদের সবাইকে একটি ফ্লাট ফর্মে দাঁড় করানোর জন্য তিনি নিম্ন বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করেন।