hadith book logo

আল্লাহর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাস্তব কিছু নমুনা

লেখকঃ সাঈদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

ক. বনী কাইনুকার ইয়াহূদীরা যখন প্রতিশ্রুতি ভঙ্গ করে তখন তাদের বিষয়ে তার সুপারিশ

বদর যুদ্ধের পর মুসলিমদের একজন নারীকে বাজারে উলঙ্গ করে এবং একজন মুসলিমকে হত্যা করে বনী কাইনুকা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। এ ঘটনা ছিল মুসলিমদের জন্য অত্যন্ত অপমানজনক ও লজ্জজনক। এ কারণে এর প্রতিশোধ নেওয়ার কোনো বিকল্প মুসলিমদের হাতে ছিল না। হিজরতের বিশ মাসের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ১৫ তারিখে এ ঘটনার বদলা নিতে তাদের ওপর আক্রমণ করার জন্য বের হন। তিনি প্রথমে তাদেরকে ঘেরাও করে তাদের কিল্লার মধ্যে পনের দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাদের অত্যন্ত শক্তভাবে ঘেরাও করে রাখেন। তাদের বাহিরের সাথে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেন। এভাবে চলতে থাকলে আল্লাহ তা‘আলা তাদের অন্তরে ভীতি সঞ্চার করেন। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নিতে সম্মত হয়। রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের নির্দেশে তাদের সবাইকে হাত বাধা হয়। তারা সাতশজন যোদ্ধা ছিল, আল্লাহ তা‘আলা যখন মুসলিমদের তাদের ওপর ক্ষমতা দেন তখন আব্দুল্লাহ ইবন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, হে মুহাম্মাদ! তুমি আমার গোলামদের ব্যাপারে দয়া কর। তার কথা শোনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকেন। সে আবারো বলে হে মুহাম্মাদ! তুমি আমার গোলামদের ব্যাপারে দয়া কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেন। তারপর সে তার হাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার আস্তিনে প্রবেশ করে দিয়ে বলে, আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ না তুমি চারশত সশস্ত্র যোদ্ধা ও তিনশত নিরস্ত্র যোদ্ধাদের প্রতি দয়া না করবে। তারা আমাকে লাল চামড়া ও কালো চামড়ার লোকদের থেকে দীর্ঘদিন রক্ষা করেছে। আর তুমি তাদের এক প্রহরেই হত্যা করে ফেলবে তা হয় না। আল্লাহর কসম করে বলছি আমি এমন এক লোক যে সীমান্ত থেকে আক্রমণ করাকে ভয় করছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দেন। তাদের নির্দেশ দেন তারা যেন মদিনা থেকে বের হয়ে যায় এবং মদিনার আশপাশে কোথাও অবস্থান না করে। তারপর তারা সিরিয়াতে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে মালামাল রেখে দেন। তারপর তাদের গণিমতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ভাগ করেন।( [দেখুন: যাদুল মা‘আদ ১৯০, ১২৬/৩।])