hadith book logo

সালাত আদায়ের পদ্ধতি

লেখকঃ ড. সায়িদ ইবন আলী ইবন ওহাফ আল-কাহতানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৫. উভয় হাত নিচে নামিয়ে বুকের উপর ডান হাত বাম হাতের পিঠ-কব্জি-বাহুর উপর রাখা।

ওয়ায়েল ইবন হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি বুকের উপর বাম হাতের উপরে ডান হাত রেখেছেন”। [সহীহ ইবন খুজাইমাহ: (১/২৪৩), হাদীস নং: (৪৭৯), লেখক বলেন: আমি আল্লামা ইবন বায রহ.-কে বুলুগুল মারামের (২৯৩) নং হাদীসের ব্যাখ্যায় বলতে শোনেছি: “ইমাম আহমদও কুবাইসা সূত্রে তার পিতার সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত বুকের উপর রাখতেন, এ হাদীসের সনদ হাসান”।] এ হাদীস রুকু থেকে উঠার পর দাঁড়ানো অবস্থাকেও শামিল করে। কারণ, ওয়ায়েল ইবন হুজরের হাদীসের অপর শব্দে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি: “যখন তিনি সালাতে দণ্ডায়মান থাকতেন, ডান হাত দ্বারা বাম হাত পাকড়াও করতেন”। [নাসাঈ, হাদীস নং ৮৮৭, আলবানী সুনান নাসায়িতে হাদীসটি সহীহ বলেছেন: (১/১৯৩)।] এ হাদীসে ডান হাত দ্বারা বাম হাত পাকড়াও করা রয়েছে। অন্যান্য হাদীসে বুকের উপর ডান হাত বাম হাতের উপর রাখা রয়েছে। ইবন উসাইমীন রহ. বলেন, “এ দু’ অবস্থায় বৈধ: প্রথমতঃ ডান হাত দ্বারা বাম হাত পাকড়াও করা। দ্বিতীয়তঃ ডান হাত বাম হাতের উপর রাখা”। [“শারহুল মুমতি”: (৩/৪৪)] সাহাল ইবন সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, “মানুষদেরকে বলা হত, পুরুষ যেন সালাতে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে”। আবু হাযেম বলেন, এখান থেকে আমি নিশ্চিত যে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল”। [সহীহ বুখারী, হাদীস নং ৭৪০।] আল্লামা ইবন বায রহ.-কে বলতে শোনেছি: “হতে পারে এটা আরেক প্রকার, আবার হতে পারে এর উদ্দেশ্য ওয়ায়েলের হাদীস অনুরূপ”। [বুলুগুল মারামের (২৯৩) নং হাদীসের ব্যাখ্যার সময় আমি এ কথা শোনেছি।]