hadith book logo

আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লেখকঃ এ এক এম নাজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

বিদায় হজ্জ্ব ও ভাষণ

আল্লাহর রাসূলের হজ

হিজরী দশম সন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জ পালনের জন্যে মক্কায় আসেন। এই হজে লক্ষ্যাধিক মুসলিম সমবেত হন।অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করে তিনি আরাফাত প্রান্তরে পৌঁছেন। আরাফাতের বুকে দাঁড়িয়ে আছে জাবালুর রাহমাত বা রাহমাতের পাহাড়। এই পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসলিমদের উদ্দেশ্যে এক ভাষণ দেন।ভাষণের একাংশে তিনি বলেন, শোন, সব জাহিলী বিধান আমার দুই পাশের নীচে। অনারবদের উপর আরবদের ও আরবদের উপর অনারবদের কোন শ্রেষ্ঠত্ব নেই। তোমরা সবাই আদমের সন্তান। আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে।

মুসলিমরা পরষ্পর ভাই-ভাই।তোমাদের অধীন ব্যক্তিগণ!তোমাদের অধীন ব্যক্তিগণ!তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে।নিজেরা যা পরবে তাদেরকে তাই পরতে দেবে।

জাহিলী যুগের সব রক্তের বদলা বাতিল করে দেয়া হয়েছে। সর্বপ্রথম আমি নিজ খান্দানের রাবিয়া ইবনুল হারিসের পুত্রের রক্তের বদলা বাতিল করে দিলাম। জাহিলী যুগের সমস্ত সুদ বাতিল করে দেয়া হয়েছে। সর্ব প্রথম আমি নিজ খান্দানের আব্বাস ইবনু আবদিল মুত্তালিবের সুদ বাতিল করে দিলাম।

নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। নারীদের উপর তোমাদের ও তোমাদের উপর নারীদের অধিকার রয়েছে।আজকের এই দিন, এই মাস ও এই শহর যেমন সম্মানার্হ, তোমাদের রক্ত, সম্পদ ও ইজ্জত তেমনি সম্মানার্হ। আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি, তা দৃঢ়ভাবে আঁকড়ে থাকলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হচ্ছে আল্লাহর কিতাব।