hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

৮ম উদাহরণ: খাদ্য-পানীয় ও বিয়ে-শাদী

ইসলাম উত্তম খাদ্য দ্রব্য, পানীয়, পোশাক ও বিয়ে-শাদীকে বৈধ করেছে।

ইসলাম সর্ব প্রকার উপকারী ফল-ফলাদি, শস্য দানা এবং সাধারণভাবে সাগরে বসবাসকারী সব ধরণের প্রাণী মানুষের জন্য খাদ্যদ্রব্য হিসেবে বৈধ করেছে। আর স্থলচর প্রাণীর মধ্যে কেবল সে সব প্রাণীকে নিষিদ্ধ করেছে যা মানুষের দ্বীন তথা নীতি-নৈতিকতা, মস্তিস্ক ও আর্থিক ক্ষতি সাধন করে।

সুতরাং যেগুলো বৈধ করা হয়েছে সেগুলো মহান আল্লাহ অনুগ্রহ এবং তার দ্বীনের সৌন্দর্য। আর যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলোও তাঁর অনুগ্রহ ও দ্বীনের সৌন্দর্য। কেননা, প্রকৃত সৌন্দর্য তো সেটাই যাতে থাকে হেকমত ও প্রজ্ঞা পূর্ণ সিদ্ধান্ত এবং যেখানে উপকারের পাশাপাশি ক্ষতির দিকটিও বিবেচনায় রাখা হয়।

ইসলাম বিবাহ করাকে বৈধ করেছে। একজন পুরুষ স্বাধীনভাবে এক সাথে দু’জন,তিনজন বা চারজন নারীকে বিবাহ করতে পারে। এতে উভয় পক্ষেরই কল্যাণ সাধিত হয় এবং উভয় পক্ষই ক্ষতির হাত থেকে বাঁচে। তবে একজন পুরুষের জন্য একসাথে চারের অধিক স্বাধীন নারীকে বিবাহ বন্ধনে রাখা বৈধ নয়। কেননা তাতে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় না বরং তাতে জুলুম সংঘটিত হয়।

তবে দাম্পত্য জীবনে স্ত্রীদের উপর স্বামীর পক্ষ থেকে অবিচারের আশংকা থাকলে কিংবা এ ক্ষেত্রে আল্লাহর বিধান সমূহ বাস্তবায়ন করতে অক্ষম হলে ইসলাম শুধু একজন স্ত্রী নিয়ে জীবন যাপন করতে উৎসাহিত করেছে। যাতে উপরোক্ত উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয়।

বিবাহ ব্যবস্থা যেমন আল্লাহর একটি বিরাট নেয়ামত এবং জীবনের অতিপ্রয়োজনীয় বিষয় তদ্রূপ মানুষ যেন তার জন্য উপযোগী নয় এমন স্ত্রীকে নিয়ে কষ্টকর ও দুঃসহ জীবন-যাপনে বাধ্য না হয় সেজন্য বিবাহ বিচ্ছেদেরও বৈধতা প্রদান করা হয়েছে। আল্লাহ বলেন,

وَإِن يَتَفَرَّقَا يُغْنِ اللَّـهُ كُلًّا مِّن سَعَتِهِ

“আর যদি উভয়েই বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ স্বীয় অনুগ্রহ দ্বারা প্রত্যেককে অমুখাপেক্ষী করে দিবেন।” (সূরা নিসা: ১৩০)