hadith book logo

ইসলামের সৌন্দর্য

লেখকঃ আল্লামা শাইখ আব্দুর রহমান বিন নসের সাদী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

ইসলামের সৌন্দর্যের কয়েকটি উদাহরণ ১ম উদাহরণ: বিশ্বাসগতভাবে ইসলাম প্রতিষ্ঠিত কতিপয় মূলনীতির উপর

ইসলাম নিম্নোক্ত আয়াতে উল্লেখিত ঈমান বা বিশ্বাসের মূলনীতি সমূহের উপর প্রতিষ্ঠিত । আল্লাহ বলেন,

قُولُوا آمَنَّا بِاللَّـهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

“তোমরা বল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা, অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে, তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আমরা তাঁরই আনুগত্য কারী।” (সূরা বাকারা: ১৩৬)

আল্লাহ তাআলা বান্দাদেরকে এ মূলনীতিগুলোমেনে চলার নির্দেশ দিয়েছেন। এগুলো এমন মূলনীতি যার উপরে সকল নবী-রাসূল একমত ছিলেন।

এই মূলনীতিগুলোতে আল্লাহ তাআলা নবী-রাসূলদের মাধ্যমে যেভাবে নিজের পরিচয় পেশ করেছেন সেভাবে তাঁর প্রতি আমাদেরকে বিশ্বাস পোষণ করতে হবে এবং তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।

সুতরাং যে দ্বীনের মূলকথা হল এক আল্লাহর উপর অবিচল বিশ্বাস আর ফলাফল হল তাঁর পছন্দনীয় কাজটি বাস্তবায়নে একনিষ্ঠ ভাবে সাধনা করা তার চেয়ে উন্নত, শ্রেষ্ঠ ও সুন্দর দ্বীন কি আর দ্বিতীয়টি হতে পারে?

যে দ্বীন পূর্ববর্তী সকল নবী-রাসূলের আনিত জীবন-বিধানের উপর বিশ্বাস করতে নির্দেশ দেয়, সকল নবী-রাসূলকে স্বীকার করে, তাঁদের মধ্যে পার্থক্য করে না বরং বলে তারা সকলেই ছিলেন মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যবাদী, নিষ্ঠাবান ও বিশ্বস্ত দূত সে দ্বীনের প্রতি অভিযোগ ও প্রশ্ন উত্থাপন করা সম্ভব হতে পারে না।

যে দ্বীন সকল ন্যায়-সঙ্গত কাজের নির্দেশ দেয়, সকল সত্যকে সমর্থন করে, নবী-রাসূলদের নিকট প্রেরিত ওহী নির্ভর সকল ধর্মীয় তাৎপর্যকে স্বীকৃতি দেয়, যে দ্বীন কল্যাণমুখী, বিবেক সম্মত এবং বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ, যে দ্বীন কোন অবস্থাতেই সত্যকে প্রত্যাখ্যান করে না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না এবং ভ্রান্ত কার্যক্রমের প্রচার ও প্রসার করে না সে দ্বীন অন্যান্য সকল ধর্মের উপর বিজয়ী থাকবে।

- দ্বীন ইসলাম সকল ভাল কাজ, উন্নত চরিত্র এবং সব ধরণের কল্যাণমুখী কাজের নির্দেশ দেয়। ন্যায় পরায়নতা, দয়া-মহানুভবতা ও সৎকর্মের প্রতি উৎসাহিত করার পাশাপাশি জুলুম, শোষণ,নিপীড়ন,বাড়াবাড়ি এবং খারাপ চরিত্র থেকে মানুষকে সতর্ক করে।

- পূর্ববর্তী নবী-রাসূলগণ যে সব সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্যের স্বীকৃতি দিয়েছেন ইসলাম তার সবগুলোকে স্বীকৃতি দিয়েছে ও অক্ষুণ্ণ রেখেছে। অন্যান্য ধর্মে যে সকল ভাল কাজের দিকে আহ্বান জানানো হয়েছে-চাই সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক বা পার্থিব ক্ষেত্রে হোক- ইসলাম সেগুলোর প্রতি উৎসাহিত করেছে। অনুরূপভাবে অন্যান্য ধর্মে যে সমস্ত বিষয় মানবজাতির জন্য ক্ষতিকারক ও ধ্বংসাত্মক হিসেবে সতর্ক করা হয়েছে ইসলামও সেগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে সেগুলো থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে।

মোটকথা, ইসলামের অকিদা-বিশ্বাস হল ঐ সকল বিষয় যেগুলো দ্বারা মানুষের অন্তর পবিত্র হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সর্বপরি যেগুলোর উপর ভিত্তি করে মানুষ কর্ম ও নৈতিকতায় উন্নত হয়।