hadith book logo

আল আকসা মসজিদের ইতিকথা

লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

৬. হযরত দাউদ (আঃ) এর যুগ

হযরত দাউদ (আঃ) খৃস্টপূর্ব ৯৭৭ সালে জেরুসালেম শহর জয় করে সেখানে সিন্ধুক নিয়ে যান। তাতে হযরত মূসা ও হারুন (আঃ)-এর নিদর্শন ছিল। তিনি আল্লাহর নির্দেশে জেরুসালেম শহরে পবিত্র ইবাদতের স্থানে মসজিদ নির্মাণের জন্য একটি প্রশস্ত জায়গা প্রস্তুত করেন এবং নির্মাণ কাজের জন্য সকল প্রয়োজনীয় জিনিস মওজুদ করেন। কিন্তু একজন ইয়াতীমের সম্পত্তি মসজিদের স্থানে অন্তর্ভুক্ত করার ইচ্ছার কারণে আল্লাহ তাঁকে মসজিদ নির্মাণ করতে নিষেধ করেন। কেননা, অবৈধ সম্পত্তির উপর প্রতিষ্ঠিত ইবাদতখানায় আল্লাহর পবিত্র ইবাদত করা যায় না। [অফা আল-অফা-নুরুদ্দিন সামহুদী।] তারপর দাউদ প্রার্থনা করেন, হে আল্লাহ! আমার সন্তানকে দিয়ে তা নির্মাণ করাও। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার সন্তানই তা তৈরি করবে। হযরত দাউদ (আঃ) সাহইউন পাহাড়ে নিজ দফতর স্থাপন করেন এবং সেখানে একটি দুর্গ তৈরি করেন। জেরুসালেমে রাজধানী স্থাপনের আগে ৭ বছর পর্যন্ত, আল-খলীল ছিল ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।