hadith book logo

আল আকসা মসজিদের ইতিকথা

লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

১৫. ২য় দফা ইবাদতগাহের ধ্বংস

হযরত যাকারিয়া এবং ইয়াহইয়া (আঃ) এই দুইজন নবীকে হত্যা করার পর বনি ইসরাইল ঈসা (আঃ)-কেও হত্যার উদ্যোগ নেয়। তখন আল্লাহ রোমান সম্রাট তাইতুসকে বনি ইসরাইলের উপর বিজয় দান করেন। ৬৬ খৃস্টাব্দে রোমান বাহিনীর সাথে বনি ইসরাইলের সংঘর্ষ শুরু হয় এবং তা দীর্ঘ ৫ বছর পর্যন্ত অব্যাহত থাকে। তখন ইহুদীদেরকে ব্যাপকহারে হত্যা করা হয়। ৭০ খৃষ্টাব্দে রোমান বাহিনী জেরুসালেম শহরে আগুন লাগিয়ে দেয় এবং অজস্র ইহুদীকে দাস বানিয়ে নিয়ে যায়। জেরুসালেম শহর ধ্বংসস্তুপে পরিণত হয় এবং কিছু সংখ্যক ইহুদী মিসর ও সিরিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।

তাইতুস জেরুসালেম শহরের নাম পরিবর্তন করে ‘ঈলিয়া’ রাখেন। পরে সম্রাট কনস্ট্যানটাইন খৃস্টান ধর্ম গ্রহণ করে শহরের জেরুসালেম নাম পুনর্বহাল করেন। তখন হযরত ঈসা (আঃ)-এর ভবিষ্যদ্বাণী পুরো সত্য প্রমাণিত হয় এবং জেরুসালেম শহর ও মসজিদে আকসা সম্পূর্ণ ধ্বংস করা হয়। বখতে নসরের পর ২য় দফা মসজিদে আকসার বিনাশ সাধন করা হয়। এদিকে ইঙ্গিত করেই মহান আল্লাহ রাব্বল আলামীন বলেছেন : “তারপর ২য় বারের প্রতিশ্রুতির সময় উপস্থিত হলে আমরা তোমাদের উপর অন্য লোকদেরকে বিজয়ী করবো, যেন তারা তোমাদেরকে মেরে চেহারা পরিবর্তন করে দেয়, প্রথমবারের মত তারাও যেন মসজিদে আকসায় প্রবেশ করে এবং বিজিত লোকদের সবকিছু ধ্বংস করে দেয়।’ (সূরা ইসরা ৪-৫)

আয়াতে বর্ণিত ২য় বারের প্রতিশ্রুতি হচ্ছে হযরত ঈসা (আঃ)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী আকসা ও জেরুসালেমের ধ্বংস সাধন।