hadith book logo

আল আকসা মসজিদের ইতিকথা

লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

মসজিদে আকসা ও সাখরায় ইহুদী আগ্রাসনের বিস্তারিত বর্ণনা

১৯৬৭ সালের ৫ই জুনের যুদ্ধে জেরুসালেম জবরদখল করার পর থেকে আজ পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের পবিত্র স্থানসমূহের উপর ইসরাইলী আক্রমণ অব্যাহত রয়েছে। তাদের আচরণ দ্বারা বুঝা যায়, বাইতুল মাকদিসের ইসলামী চরিত্র পরিবর্তন করে ইহুদীকরণের আগ পর্যন্ত তারা ক্ষান্ত হবার নয়। আর তাদের সেই ইচ্ছা মসজিদে আকসা ও সাখরার চিরস্থায়ী ধ্বংস করার আগ পর্যন্ত পূরণ হতে পারে না।

মসজিদে আকসা ও সাখরার উপর বার বার ইহুদী হামলার কারণ বিশ্লেষণ করলে যে মারাত্মক চিত্র ফুটে ওঠে, তা হচ্ছে,

১. পরিকল্পিত উপায়ে বিভিন্নভাবে জোরদার আক্রমণ চলছে।

২. ষড়যন্ত্রের সাথে জড়িত পক্ষসমূহের সংখ্যা এবং শাখা-প্রশাখা বৃদ্ধি পাচ্ছে।

৩. ঐ সকল আক্রমণ কিংবা ষড়যন্ত্রের মোকাবিলায় আরব ও মুসলিম বিশ্বের ব্যক্ত প্রতিক্রিয়া উপযুক্ত নয়। এর কারণ দুটোর যে কোন একটি হতে পারে। হয় তারা এ বিষয়ে অজ্ঞ, কিংবা বিষয়টিকে হালকাভাবে দেখছেন।

৪. ইসরাইল সরকার মসজিদে আকসার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল ও সংস্থাসমূহের জন্য আড়াল হিসেবে কাজ করে। যদি তারা কোন দুর্ঘটনা ঘটায় তখন সরকার বলে, এটা চরমপন্থীদলের কাজ কিংবা প্রত্যাখ্যাত সন্ত্রাস। তখন লোক দেখানোর উদ্দেশ্যে অপরাধীদের ২১ জনকে আটক করে এবং পর্দার অন্তরালে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দান করে। সময় সময় বিশেষ কোন শাস্তির ঘোষণা দিয়েও তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেয়।

৫. আল্লাহর নিজ কুদরতের বদৌলতে এ যাবত বহু ইহুদী ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। মসজিদে আকসা ও সাখরার হেফাজতকারী শুধু জেরুসালেমের নিরস্ত্র ফিলিস্তিনীরা নয়, বরং গোটা বিশ্ব মুসলিম এর হেফাজতকারী। বাস্তবে ফিলিস্তিনী জনগণ ছাড়া মুসলিম মিল্লাতের অবশিষ্টাংশ ঘুমিয়ে আছে ও নিজ দায়িত্ব পালনে এগিয়ে আসছে না।

৬. এ ব্যাপারে ইসরাইল রাষ্ট্রের সরকারী নীতি খুবই পরিষ্কার। সরকার দুঃখজনক কোন ঘটনার মাধ্যমে মসজিদে আকসা ও সাখরাকে ধ্বংসের ষড়যন্ত্রের বাস্তবায়ন কামনা করে, অথবা দায়িত্বহীন কোন দল কিংবা মাতাল দ্বারা অথবা ভূমিকম্পসহ এ জাতীয় কোন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে মসজিদে আকসা ও সাখরার ধ্বংসনীতিকে অগ্রাধিকার দেয়। এ সকল কারণে ইসরাইলী সরকার মসজিদে আকসার আশেপাশে খনন কার্য অব্যাহত রেখেছে এবং সরকার সরাসরি তা ধ্বংস করতে চায় না বরং ভিন্নভাবে এর ধ্বংস কামনা করে।