১
কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম
লেখকঃ মো: আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
তিন. বনী ইসরাঈলের মুক্তির দাবী
ফের‘আউন বনী ইসরাঈলদের উপর নানাভাবে অত্যাচার করত। বনী ইসরাইলের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া বশতঃ রাষ্ট্রীয় কর্তৃত্ব তাদের অধিকারে যাওয়ার আশংকায় এ অত্যাচারের পরিমাণ বৃদ্ধি হতে লাগল। সে তাদেরকে বিভিন্ন দলে-গোত্রে বিভক্ত করে রাখত, যাতে তাদের শক্তি বৃদ্ধি না পায়। রাষ্ট্রীয় অত্যন্ত ছোট খাট কাজগুলো সে তাদের মাধ্যমে করাতো, সে তাদেরকে দাস-দাসী বানিয়ে রাখে এবং কঠিনতর কার্যে নিয়োগ করে। গৃহ নির্মাণ, কৃষিকর্ম ও উৎপাদনকর্মের মত কঠিন কাজ তাদের মাধ্যমে আঞ্জাম দেয়া হত, আর যে কোন কর্মে নিয়োজিত ছিল না তাকে রাজস্ব কর দিতে বাধ্য করত। [আফীফ আব্দুল ফাত্তাহ, প্রাগুক্ত, পৃ. ২১৭-২১৮।] মূসা আলাইহিস সালাম তাদের উপর প্রদত্ত অত্যাচার নির্যাতন বন্ধের জন্য ফের‘আউনের নিকট জোর আবেদন জানান। তিনি বনী ইসরাঈলকে ছেড়ে দিতে ও তাদের উপর হতে নির্যাতন-নিপীড়নের খর্গ উঠিয়ে নেয়ার জন্য ফের‘আউনকে আহ্বান জানান। [আল-কুরআন, সূরা আল-আ‘রাফ: ১০৪।] এটি তার পয়গম্বরসূলভ আচরণেরই বহিঃপ্রকাশ। কেননা, নবী-রাসূলদের অন্যতম মিশন ছিল মজলুমের পক্ষ ও জালিমের বিপক্ষে অবস্থান নেয়া। বিধায়, এক কিবতীকে বনী ইসরাঈলের উপরে অন্যায়ভাবে জুলূম করতে দেখে তিনি অত্যাচারীকে তা হতে নিবৃত করার চেষ্টা করেছিলেন।