hadith book logo

রাসূল যেভাবে রমজান যাপন করেছেন

লেখকঃ ফায়সাল বিন আলী আল বা’দানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

রমজানে রাসূলের বিবাহ

জয়নব বিনতে খুযাইমার জীবনালেখ্য উল্লেখ করতে গিয়ে ইবনে সাদ বলেন : হিজরি একত্রিশতম মাসে রাসূলের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। [ইবনে সাদ : তাবাকাত : খন্ড : ৮, পৃষ্ঠা : ১১৫।] আল্লামা তাবারি বলেন : চতুর্থ হিজরিতে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মাসাকিন জয়নব বিনতে খুযাইমার সাথে ঘর বাঁধেন ও বাসর যাপন করেন। [তাবারির ইতিহাস : খন্ড : ৮, পৃষ্ঠা : ৫৪৫।]

ইবনুল আম্মাদ বলেন : হিজরি তৃতীয় বর্ষের রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাক্রমে উম্মুল মোমিনীন হাফসা, জয়নব বিনতে জাহাশ এবং জয়নব বিনতে খুযাইমা রা.-র সাথে বাসর যাপন করেন। [ইবনে আম্মাদ : সাযারাতুয যাহাব : খন্ড : ১, পৃষ্ঠা : ১১৪। উহুদের যুদ্ধের পূর্বে হিজরি একত্রিশতম মাস শাবানে হাফসার সাথে রাসূল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।]

নবুয়্যতি ভারসাম্য ও মধ্যপন্থার এ হচ্ছে এক উত্তম ও অনুসরণীয় উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মানব জাতির সামনে প্রত্যক্ষ কর্মের মাধ্যমে হাজির করেছেন। রাসূল তার জীবনাচারে বাস্তবতাকে স্বীকার করেছেন, সে অনুসারেই আচার পদ্ধতি সাজিয়েছেন, বর্জন করেছেন লোক-দেখানো, ঠুনকো যুহুদের প্রকাশ—যা একই সাথে প্রকৃতি, স্বভাব ও ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতার নীতি ও বৈশিষ্ট্য বিরোধী।

ব্যাপকভাবে পরিবারের কর্তাব্যক্তি ও বিশেষভাবে দায়িদের ক্ষেত্রে সর্বপ্রথম কর্তব্য : পরিবার-পরিজনকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলা, উদ্বুদ্ধ করা তাদেরকে ইলম ও আমলের যাবতীয় অনুষঙ্গে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন—

وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ .

আপনি আপনার নিকটবর্তী পরিবার-পরিজনকে সতর্ক করুন। [সূরা শুআরা : আয়াত ২১৪।]

পরিবারের ভরন-পোষণই যদি হয় ব্যক্তির জন্য পরিণাম বিচারে প্রদত্ত সর্বোত্তম সদকা, তবে, শিক্ষা-দীক্ষা, উত্তম ব্যবহার ও আচরণ—সন্দেহ নেই, তার জন্য বয়ে আনবে সদকার তুলনায় অধিক পরকালীন সওয়াব ও প্রতিফল। ‘সূচনা হোক তোমার পরিবার থেকে’, ‘প্রথমে পরিবার’—এ বিশ্বাস ও ধারণাগুলো আবার জাগিয়ে তুলতে হবে, সচেতন করতে হবে সকলকে এ বিষয়ে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে হবে ভারসাম্যপূর্ণ স্থিতিশীল নববী আদর্শের বিস্তার।