hadith book logo

জান্নাতের পথ

লেখকঃ মুহাম্মাদ মুনিরুজ্জামান বিন আশরাফ আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

প্রয়োজন ইখলাস (নিষ্ঠা), আন্তরিক প্রচেষ্ঠা ও মুত্তাকী হবার আকাঙ্খা

কুরআন বুঝা ও মুত্তাকী হবার জন্য অগ্রগামী হওয়া মোটেও কঠিন কিছু নয়। এর জন্য প্রয়োজন ইখলাস (নিষ্ঠা), আন্তরিক প্রচেষ্টা ও আকাঙ্খা। এর পাশাপাশি মহান আল্লাহর কাছে বিনয়ের সাথে দু‘আ করলেই আল্লাহ আপনার জন্য একাজ সহজ করে দিবেন ইন-শা-আল্লাহ। মনে রাখবেন দিন-রাত ২৪ ঘন্টা সময় আল্লাহ আপনাকে প্রতিদিন দান করেন। জীবনের এই দিনগুলো একদিন শেষ হয়ে যাবে, ধন-সম্পদ সব পৃথিবীতেই থেকে যাবে। সুতরাং সেখান থেকে যেটুকু অর্থ ও সময় কিতাব ক্রয়ের জন্য আর কুরআন বুঝার জন্য ব্যয় করব সেটাই আখেরাতে আমার কাজে আসবে। তাই আল্লাহ আমাকে যে সময় ও অর্থ দান করেছেন এর মধ্য থেকে দুনিয়া ও আখেরাতে চরম সাফল্য লাভের জন্য মুত্তাকী হবার অভিপ্রায়ে মহান আল্লাহর কালাম কুরআন মাজীদ বুঝার জন্য ৩০/৪০ মিনিট সময় প্রতিদিন ব্যয় করলেই ১/২ মাসের মধ্যেই আপনি কুরআনের অনেক আয়াত বুঝতে সক্ষম হবেন ইন-শা-আল্লাহ। এভাবে পরিকল্পনা করতে পারেন, ফজর সালাতের পর কিছু সময় কুরআন বুঝার কাজে ব্যয় করব ইন-শা-আল্লাহ। আর এর জন্য আল্লাহও আমার প্রতি দয়া করবেন এবং মুত্তাকী হিসাবে যে পুরস্কারের সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা দান করবেন। কোন কারণে সকালে না পারলে দুপুরে যোহরের পর বা আসরের পর, তাও না পারলে মাগরিবের পর বা এশার পর শোয়ার আগে কিছু সময় কুরআন বুঝার কাজে ব্যয় করব ইন-শা-আল্লাহ। মহান আল্লাহ আমাদের প্রতি সহায় হোন। আমীন !

পরিশেষে আল্লাহর শিখানো পদ্ধতিতে একান্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে দু‘আ করতে হবে ঃ

رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। (সূরা ২৫/ফুরকানঃ ৭৪)।

আহবানঃ

১. তাওহীদ ও সুন্নাহ আঁকড়ে ধরুন।

২. শিরক-বিদআত বর্জন করুন।

৩. ঈমানটা শুদ্ধ করুন।

৪. বিদআতমুক্ত আমল করুন।

৫. সময় মত নামায পড়ুন।

৬. বুঝে বুঝে কুরআন পড়ুন।

৭. সহীহ দেখে হাদীস পড়ুন।

৮. জান্নাতের পথ চিনে নিন।

৯. দলিল দিয়ে দাওয়াত দিন।

১০. গুনাহর বিষয় ছেড়ে দিন।

১১. তওবা-যিকির সাথে নিন।

এই কাজগুলো করবেন যত

আল্লাহর প্রিয় হবেন তত,

মরার পরে শান্তি পাবেন

জান্নাত লাভে ধন্য হবেন।

শেষ অনুরোধঃ

কিতাবটি ভাল লাগলে দাওয়াতী কাজের জন্য সদকায়ে জারিয়ার নিয়তে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্দবদের উপহার দিন। কমপক্ষে অন্যের কাছে বিষয়টি আলোচনা করুন। আরো সুন্দর করার জন্য পরামর্শ থাকলে মোবাইলে জানান। আল্লাহ আমাদের সকলকে উত্তম পুরস্কার দান করুন। আমীন।

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي بِنِعْمَتِه تَتِمُّ الصَّالِحَاتُ ‐

وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ