hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

সুদখোরের ভয়াবহ পরিণতিঃ

মহান আল্লাহ কুরআনুল কারীমে কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেনঃ

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنْ الْمَسِّ

অর্থঃ যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দন্ডায়মান হবে যেমনভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি যাকে শয়তান আছর করে দিশেহারা করে দেয়। (সূরা বাকারাঃ ২৭৫) অর্থাৎ তারা কিয়ামতের দিন জিনেধরা রোগীর মত দিশেহারা অবস্থায় কবর থেকে উঠবে। ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ সুদখোর কিয়ামতের দিন পাগল অবস্থায় হাশরের ময়দানে হাজির হবে। [- তাফসীরে ইবনে কাছীর, প্রথম খন্ড।] অন্য বর্ণনায় আছে, তাদেরকে বড় বড় পেটি বশিষ্ট অবস্থায় হাশরের মাঠে উপস্থিত করা হবে। তারা হাঁটতে চাইলে উল্টে পড়ে যাবে। মানুষেরা তাদের উপর দিয়ে চলতে থাকবে।

কতিপয় বিদ্বান বলেছেনঃ কিয়ামতের দিন এটা তাদের জন্যে নিদর্শন স্বরূপ হবে যার মাধ্যমে তাদেরকে চেনা যাবে। অতঃপর তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি।

সহীহ বুখারীতে সামুরা বিন জুনদুব (রাঃ) হতে বর্ণিত হয়েছে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর স্বপ্নের দীর্ঘ হাদীছে এসেছে,

فَأَتَيْنَا عَلَى نَهَرٍ حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ أَحْمَرَ مِثْلِ الدَّمِ وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ وَإِذَا عَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الْحِجَارَةَ فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَأَلْقَمَهُ حَجَرًا

অর্থঃ আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম। দেখলাম নদীতে একটি লোক সাঁতার কাটছে। নদীর তীরে অন্য একটি লোক কতগুলো পাথর একত্রিত করে তার পাশে দাড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাড়ানো ব্যক্তির নিকটে আসে তখন দাড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে নিয়ে লোকটি আবার সাঁতরাতে শুরু করে। যখনই লোকটি নদীর তীরে আসতে চায় তখনই তার মুখে পাথর ঢুকিয়ে দেয়। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেনঃ এরা হলো আপনার উম্মতের সুদখোর। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুত তা’বীর]