hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

মুসলমানের সাথে হিংসা না রাখাঃ

আনাস বিন মালিক (রাঃ) বলেনঃ একদা আমরা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেনঃ তোমাদের কাছে এখনই একজন জান্নাতী লোক আগমণ করবেন। অতঃপর একজন আনসারী লোক আগমণ করলেন। তার দাড়ি বেয়ে ওযুর পানি ঝড়ে পড়ছিল। তার পায়ের জুতা দুহটি বাম হাতে ছিল। পরের দিন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)একই কথা বললেন। কিছুক্ষণ পর সেই আনসারী সাহাবী একই অবস্থায় আগমণ করলেন। তৃতীয় দিনেও তিনি একই কথা বললেন এবং উক্ত আনসারী সাহাবী আগমণ করলেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন চলে গেলেন, তখন আবদুল্লাহ বিন আমর বিন আস (রাঃ) আনসারী সাহাবীর পিছনে ছুটলেন এবং বললেন আমি আমার পিতার নিকট থেকে তিন দিনের জন্যে অনুমতি নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন তা হলে এই তিন দিন আপনার কাছে থাকব। আনসারী সাহাবী বললেনঃ কোন অসুবিধা নেই। আনাস (রাঃ) বলেনঃ আবদুল্লাহ বিন আমর (রাঃ) পরবর্তীতে বলতেন, তিনি তাঁর সাথে পরপর তিনটি রাত্রি যাপন করেছেন। রাত্রিতে তাকে কোন তাহাজ্জুদের নামায বা অতিরিক্ত কোন নামায আদায় করতে দেখেন নি। তবে রাত্রিতে তিনি যখন বিনিদ্রা অনুভব করতেন এবং বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন আল্লাহর যিক্‌র করতেন এবং তাঁর বড়ত্ব বর্ণনা করতেন। অতঃপর যখন ফজরের নামাযের সময় হতো, তখন তিনি নামাযের জন্যে উঠতেন। আবদুল্লাহ বিন আমর বলেনঃ তবে আমি তাকে কখনও খারাপ কথা বলতে শুনি নাই। তিন দিন অতিবাহিত হওয়ার পর আমি তাঁর আমলকে খুবই সামান্য মনে করলাম এবং বললামঃ হে আল্লাহর বান্দা! আপনার কাছে তিন দিন যাবৎ অবস্থানের কারণ হল, আমি তিনবার নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছি, এখন তোমাদের নিকট একজন জান্নাতী লোক উপস্থিত হবে। প্রত্যেকবারই আপনি এসে উপস্থিত হয়েছন। তাই আমি তোমার আমল দেখার জন্য এবং আপনার মত আমল করার জন্যে তিন দিন ধরে আপনার সাথে আছি। কিন্তু আমি আপনাকে বেশী আমল করতে দেখিনি। তা হলে বলুন তো কি আমল করার কারণে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার ব্যাপারে এরকম মন্তব্য করেছেন? অর্থাৎ আপনাকে জান্নাতের সুসংবাদ দিলেন। তিনি বললেনঃ তুমি যা দেখলে তার বেশী অতিরিক্ত কোন আমল করার অভ্যাস আমার নেই। আমি যখন চলে আসার জন্যে বের হলাম তখন আমাকে ডেকে বললেনঃ তবে আমার অতিরিক্ত একটি আমল আছে। তা হলো আল্লাহ তাঁর মুমিন বান্দাকে যে কল্যাণ দান করেছেন তার প্রতি আমার অন্তরে কোন হিংসা নেই। আব্দুল্লাহ বিন আমর (রাঃ) বললেনঃ ইহাই আপনাকে এতো মর্যাদাবান করেছে। [- মুসনাদে আহমাদ।]