hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করাঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে জিজ্ঞেস করা হলো মানুষকে কোন আমলটি বেশী করে জান্নাতে প্রবেশ করাবে? উত্তরে তিনি বললেনঃ আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। [- আহমাদ, ইবনে হিববান।] আল্লাহ বলেনঃ

وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ “

যারা তাদের পালনকর্তাকে ভয় করতো, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবেঃ তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর। (সূরা যুমারঃ ৭৩)

বুখারী শরীফে এই মর্মে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের পূর্ববর্তীদের ভিতরে একজন গুনাহগার লোক ছিল। সে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে পরিবারের লোকদেরকে ডেকে বললঃ আমি জীবনে অনেক পাপের কাজ করেছি। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে কঠিন শাস্তি প্রদান করবেন। তাই আমি যখন মৃত্যু বরণ করবো তোমরা অনেক কাঠ সংগ্রহ করে বিরাট একটি অগ্নি প্রজ্বলিত করে আমাকে তাতে নিক্ষেপ করবে। আমার শরীর আগুনে জ্বলে যখন ছাই হয়ে যাবে তখন ছাইগুলোকে ভাল করে পিষবে। অতঃপর তোমরা অপেক্ষা করতে থাকবে। সাগরের ভিতরে যে দিন ঝড় সৃষ্টি হবে এবং প্রচন্ড ঢেউ উঠবে তখন ছাইগুলোকে তাতে নিক্ষেপ করবে। তারা তাই করল। আল্লাহ রাব্বুল আলামীন তাকে একত্রিত করে জিজ্ঞেস করলেনঃ তুমি কেন এরকম করেছো? সে বললঃ হে আল্লাহ! আপনার শাস্তির ভয়ে আমি এরকম করেছি। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করালেন। [- বুখারী, কিতাবু আহাদীছুল আম্বীয়া।]