hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

যমিনের আইল পরিবর্তন বা যমিন জবরদখল করার শাস্তিঃ

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الْأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ

অর্থঃ যে ব্যক্তি কারো অর্ধহাত জমিন জবরদখল করবে কিয়ামত দিবসে তার গলায় সাতটি যমিন ঝুলিয়ে দেয়া হবে। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল মাজালিম।] তিনি আরো বলেনঃ

لَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا وَلَعَنَ اللَّهُ منْ غَيَّرَ مَنَارَ الْأَرْضِ

অর্থঃ যে ব্যক্তি তার পিতার উপর অভিসম্পাত করলো তার উপর আল্লাহর লানত, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য পশু যবেহ করল তার উপর আল্লাহর লানত, যে ব্যক্তি কোন অপরাধীকে আশ্রয় দিল তার উপর আল্লাহর অভিশাপ। আর যে ব্যক্তি জমিনের নিশানা বা আইল পরিবর্তন করবে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল আযাহী।]

এখানে সীমানা পরিবর্তনের অর্থ হচ্ছে যমিনের আইল চেপে সীমানা নষ্ট করা বা কারো যমিন আত্মসাৎ করে নিজের যমিনের অন্তর্ভূক্ত করে নেয়া। এদের শাস্তি সম্পর্কে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ

مَنْ أَخَذَ مِنَ الْأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ

অর্থঃ অন্যায়ভাবে যে ব্যক্তি কারও যমিনের কিছু অংশ ছিনিয়ে নিবে, কিয়ামতের দিন তাকে সাত তবক যমিনের নীচে দাবিয়ে দেয়া হবে। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল মাজালিম।]

ইয়ালা বিন মুর্‌রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে কারও এক বিঘত পরিমাণ যমিন জবরদখল করে নিবে কিয়ামতের দিন আল্লাহ তার উপর উক্ত যমিন খনন করতে করতে সাত তবক যমিনের শেষ পর্যন্ত পৌঁছার দায়িত্ব চাপিয়ে দিবেন। অতঃপর তার গলায় সাতটি যমিন ঝুলিয়ে দেয়া হবে। মানুষের মাঝে ফয়সালা শেষ না হওয়া পর্যন্ত উহা তার গলায় ঝুলন্ত অবস্থায় থাকবে। [- মুসনাদে ইমাম আহমাদ।]

মুসনাদে আহমাদের অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি অন্যায়ভাবে কারও যমিন আত্মসাৎ করবে কিয়ামতের দিন তাকে সেই যমিনের সমস্ত মাটি হাশরের মাঠে বহন করে নিয়ে যেতে বলা হবে। [- মুসনাদে ইমাম আহমাদ।]