hadith book logo

যা হবে মরণের পরে

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

কবর থেকে উঠার সময় তারা ভীত-সন্ত্রস্ত অবস্থায় থাকবেঃ

কবর থেকে উঠার সময় কাফেরদের অবস্থা কেমন হবে তা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেনঃ

يَوْمَ يَخْرُجُونَ مِنْ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَى نُصُبٍ يُوفِضُونَ خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ذَلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ

অর্থঃ সেদিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। তাদের দৃষ্টি থাকবে অবনমিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই সেই দিন, যার প্রতিশ্রুতি এদেরকে দেয়া হয়েছিল। (সূরা মাআরেজঃ ৪৩-৪৪) আহবানকারীর আহবানে সাড়া দিয়ে অবনত মস্তকে তারা কবর থেকে দ্রুত বের হয়ে আসবে। যেন তারা কোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। কোন ক্রমেই আহবানকারীর কথা অমান্য করার শক্তি তাদের থাকবেনা। তারা পরাজিত ও লাঞ্ছিত অবস্থায় বিশ্বজাহানের প্রতিপালকের সামনে হাজির হবে। তাদের চক্ষু অবনমিত থাকবে, লজ্জা ও অপমান তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, আওয়াজ নীচু হয়ে যাবে এবং চলার গতি থেমে যাবে। সে দিন তাদের সাথে আল্লাহর কৃত অঙ্গিকার পূর্ণ করা হবে। নিম্নের আয়াতটি পাঠ করলে অতি সহজেই কিয়ামতের মাঠে কাফেরদের অন্তরের ভীতিকর অবস্থার সম্যক ধারণা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেনঃ

وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذْ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ

অর্থঃ আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করুন। যখন প্রাণ ওষ্ঠাগত হবে, দম বন্ধ হওয়ার উপক্রম হবে। পাপীদের জন্য এমন কোন বন্ধু এবং সুপারিশকারী থাকবেনা, যার সুপারিশ গ্রহণ করা হবে। (সূরা গাফেরঃ ১৮)