hadith book logo

বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলা‌ইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ (ইমাম ইবনুল কাইয়্যেম রহ. এর যাদুল মা‘আদ হতে সংক্ষেপিত)

লেখকঃ ড. আহমাদ ইবন উসমান আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

(৪) দুই ঈদের সালাতে তাঁর আদর্শমালা [যাদুল মা‘আদ: ১/৪২৫।]

১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের সালাত সর্বদা ঈদগাহে আদায় করতেন এবং সবচেয়ে সুন্দর কাপড় পরিধান করে সুসজ্জিত হতেন।

২. তিনি ঈদুল ফিতরের দিন সকালে ঘর থেকে বের হওয়ার পূর্বে বেজোড় সংখ্যায় খেজুর খেতেন, পক্ষান্তরে ঈদুল আযহার দিন সকালে ঈদগাহ থেকে আসা পর্যন্ত কিছু খেতেন না, বরং ঈদগাহ থেকে ফিরে এসে কুরবানীর গোস্ত খেতেন। তিনি ঈদুল ফিতরের সালাত একটু বিলম্বে, আর ঈদুল আযহার সালাত সকাল সকালে আদায় করতেন।

৩. তিনি ঈদগাহে পায়ে হেঁটে যেতেন এবং তাঁর আগে একটি বর্শা উঠিয়ে নিয়ে যাওয়া হতো, ঈদগাহে পৌঁছার পর তা সুতরাস্বরূপ তাঁর সামনে স্থাপন করা হতো, যাতে তিনি তার দিকে ফিরে সালাত আদায় করেন।

৪. তিনি ঈদগাহে পৌঁছে আযান-ইক্বামত ছাড়াই ঈদের সালাত শুরু করতেন, এমনকি ‘সালাত শুরু হলো’ এ কথাটিও বলতেন না, ঈদগাহে পৌঁছে তিনি ও তাঁর সাহাবীগণ ঈদের সালাতের পূর্বে কিংবা পরে কোনো সালাত পড়তেন না।

৫. তিনি খুৎবার পূর্বে ঈদের দু’রাকাত সালাত পড়তেন, প্রথম রাকাতে কেরাতের পূর্বে তাকবীরে তাহরীমাহ্ সহ লাগাতার সাতটি তাকবীর দিতেন, প্রতি দুই তাকবীরের মাঝে সামান্য একটু চুপ থাকতেন, কিন্তু কোনো নির্দিষ্ট দু‘আ পড়তেন বলে কোনো বিশুদ্ধ প্রমাণ পাওয়া যায় না। তাকবীর শেষে কেরাত আরম্ভ করতেন এবং কেরাত শেষে তাকবীর বলে রুকু করতেন। অতঃপর দ্বিতীয় রাকাতে লাগাতার আরো পাঁচটি তাকবীর দিতেন, তারপর কেরাত পাঠ করে যথাযথ নিয়মে সালাত সম্পন্ন করে মানুষের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে খুৎবা দিতেন, এ অবস্থায় মানুষেরা নিজ-নিজ কাতারে বসে থাকতো তিনি তাদেরকে ওয়াজ-নসীহত ও আদেশ-নিষেধ করতেন। তিনি প্রথম রাকাতে সূরা ক্বাফ এবং দ্বিতীয় রাকাতে সূরা ক্বামার পড়তেন, আবার কখনো প্রথম রাকাতে সূরা আ‘লা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশীয়াহ্ পাঠ করতেন।

৬. তিনি যমীনে দাঁড়িয়ে খুৎবা দিতেন এবং সেখানে কোনো মিম্বর ছিল না। ৭. তিনি খুৎবা শোনার জন্যে না বসারও অনুমতি দেন। আর পবিত্র ঈদ যদি জুম‘আর দিনে হয়, তাহলে ঈদের সালাত জুম‘আর জন্য যথেষ্ট হবে বলেন। অর্থাৎ সেদিন জুমআর সালাতের পরিবর্তে যোহরের সালাত আদায় করলে যথেষ্ট হবে তিনি ঘোষণা করেন।

৮. তিনি ঈদের দিন রাস্তা পরিবর্তন করে এক রাস্তায় ঈদগাহে যেতেন এবং অপর রাস্তা দিয়ে বাড়ী ফিরে আসতেন।