hadith book logo

বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলা‌ইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ (ইমাম ইবনুল কাইয়্যেম রহ. এর যাদুল মা‘আদ হতে সংক্ষেপিত)

লেখকঃ ড. আহমাদ ইবন উসমান আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

(৭) সালাতুল খাওফ প্রসঙ্গে তাঁর আদর্শমালা [যাদুল-মা‘আদ : ১/৫১০।]

১. সালাতুল খাওফ বা যুদ্ধ ও ভয়-ভীতির সময়কার সালাত প্রসঙ্গে তাঁর নীতিমালা ছিল যে, শত্রু সেনাদল যদি তাঁর মাঝে ও ক্বিবলার মাঝে অবস্থান করে থাকে, তবে তিনি মুসলিম সৈন্যদেরকে তাঁর পিছনে দু’কাতারে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে সালাতের জন্য তাকবীর বলতেন এবং তাঁরাও তাকবীর বলে সালাত শুরু করতো, অতঃপর তাঁরা সবাই রুকু করতেন এবং একসাথে রুকু থেকে মাথা উঠাতেন, অতঃপর প্রথম কাতারের সেনাদল সিজদায় যেতো এবং দ্বিতীয় কাতারের সেনাদল শত্রু সৈন্যদের মুখোমুখি দণ্ডায়মান হতো, আর যখন তিনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতেন, তখন পিছন কাতারের সেনাদল দু’টি সিজদা করে দাঁড়িয়ে প্রথম কাতারের স্থানে অগ্রসর হতো এবং প্রথম কাতারের সেনাদল দ্বিতীয় কাতারে চলে যেতো, এভাবে সবাই প্রথম কাতারের ফযিলত অর্জন করত এবং দ্বিতীয় কাতারের সেনাদল তাঁর সাথে দ্বিতীয় রাকাতের সিজদায় যেতেন, (সেটার বিস্তারিত রূপ হচ্ছে,) সুতরাং দ্বিতীয় রাকাতের রুকু থেকে দাঁড়ানোর পর উভয় দল তাই করতো যা প্রথম রাকাতে করেছিল, অতঃপর যখন তিনি তাশাহহুদের জন্য বসতেন, তখন পিছনের কাতারের সেনাদল দুটি সিজদা করে তাঁর সাথে তাশাহহুদে মিলিত হতো, আর সবাই এক সাথে সালাম ফিরাতো।

২. শত্রু সেনাদল ক্বিবলা ছাড়া অন্য কোনো দিকে অবস্থান করলে, তখন তিনি কখনো মুসলিম সেনাদলকে দু’ভাগ করে একভাগকে শত্রু সৈন্যদলের মুখোমুখি করতেন এবং অপর ভাগকে নিয়ে তিনি সালাতে দাঁড়াতেন, তখন এই দল তাঁর সাথে এক রাকাত সালাত আদায় করার পর শত্রু সৈন্যদের মুখোমুখি অবস্থানরত দলের নিকট চলে যেতো এবং শত্রু সৈন্যদের সম্মুখে দন্ডায়মান হতো, অতঃপর দ্বিতীয় দলটি এসে তাঁর সাথে সালাতে শরীক হয়ে এক রাকাত আদায় করতো, অতঃপর তিনি সালাম ফিরালে প্রত্যেক দলই ইমামের সালামের পর নিজে নিজে এক রাকাত পড়ে সালাত পূর্ণ করতো।

৩. আবার কখনো তিনি একদলকে নিয়ে এক রাকাত পড়ার পর যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতেন, তখন এ দলটি তাদের দ্বিতীয় রাকাত পূর্ণ করে তাঁর রুকুর পূর্বেই সালাম ফিরাতো, অতঃপর দ্বিতীয় দল এসে তাঁর সাথে অপর রাকাত পড়তো, অতঃপর তিনি যখন তাশাহহুদের জন্য বসতেন, তখন এ দলটি দাঁড়িয়ে তাদের অপর রাকাত পূর্ণ করতো, আর তিনি তাশাহহুদে তাদের অপেক্ষা করতেন, পরন্তু এই দলটি তাশাহহুদ পাঠ করার পর তাদেরকে সাথে নিয়ে সালাম ফিরাতেন।

৪. আবার কখনো তিনি একদলকে নিয়ে সালাম ফিরাতেন, অতঃপর দ্বিতীয় দলকে নিয়ে আবার দু’রাকাত পড়ে সালাম ফিরাতেন।

৫. আবার কখনো এক দলকে নিয়ে এক রাকাত পড়তেন এবং এ দল চলে যেতো এবং সালাত পূর্ণ করতো না, অতঃপর দ্বিতীয় দলটি এসে তাঁর সাথে এক রাকাত পড়তো এবং সালাত পূর্ণ করতো না, এভাবে তিনি দু’রাকাত পড়তেন, কিন্তু তারা এক এক রাকাত আদায় করতো।”