hadith book logo

জাহেলিয়াতের যে সব রীতিনীতির বিরোধিতা রাসূল করেছেন

লেখকঃ শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আবদুল ওহ্‌হাব রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

৩। শাসকের বিরোধিতা

জাহেলী যুগের আরবরা শাসন কর্তৃপক্ষের বিরোধিতা করা এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে ফযীলতের কাজ মনে করত। পক্ষান্তরে মেনে নেওয়া ও আনুগত্য করাকে অপমান ও লাঞ্ছনার বিষয় মনে করত। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বদ-স্বভাবের বিরোধিতা করে তাদেরকে শাসনকর্তাদের নির্দেশনা মেনে নেওয়া, তাদের আনুগত্য করা ও তাদের প্রতি কল্যাণকামী হওয়ার নির্দেশ দিলেন। আর তিনি শাসকদের অত্যাচারকে সহ্য করার নির্দেশ দিলেন এবং এ ব্যাপারে কঠোরতা আরোপ করলেন, নিজের ক্রোধ প্রকাশ করলেন এবং বারবার তাকিদ করলেন।

বস্তুত উপরোক্ত তিনটি বিষয় এমন গুরুত্বপূর্ণ যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ব্যাপারে বুখারী ও মুসলিমে সহীহ হাদীসে নির্দেশ করা হয়েছে যে,

«إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ ثَلَاثًا ... أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا، وَأَنْ تُنَاصِحُوا مَنْ وَلَّاهُ اللَّهُ أَمْرَكُمْ»

“আল্লাহ তোমাদের উপর তিনটি ব্যাপারে খুশী হন : (১) তোমরা কেবলমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সংগে কাউকে শরীক করবে না। (২) তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। আর (৩) আল্লাহ যাদেরকে তোমাদের উপর শাসন ক্ষমতা দান করেন, তাদেরকে সৎ পরামর্শ দান করো।” [মুসনাদে আহমাদ, হাদীস নং ৮৭০৩। যদিও গ্রন্থকার হাদীসটিকে বুখারী ও মুসলিমের দিকে সম্পর্কযুক্ত করেছেন। বস্তুত: বুখারী ও মুসলিমে এ অর্থে অনেক হাদীস থাকলেও এ শব্দে হাদীস আসে নি। [অনুবাদক ও সম্পাদক]]

রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত তিনটি বা তার কোনো একটি নির্দেশের প্রতি অবহেলা প্রদর্শনের কারণেই আজ মানুষের দ্বীন- দুনিয়া সকল ক্ষেত্রে বিভিন্ন প্রকারের অশান্তি- বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।