hadith book logo

মুসলমানদের পতন অতীত বর্তমান (সালাহউদ্দীন আইউবীর আবির্ভাব পূর্ব ইসলামি বিশ্ব ও বর্তমান অবস্থা পর্যালোচনা)

লেখকঃ মুহাম্মদ আল আবদাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

অনুবাদকের নিবেদন

অতীত ঘটনা ইতিহাস বলে পরিচিত। আজকের ঘটনা আগামী দিন ইতিহাসে পরিণত হচ্ছে। পৃথিবীতে প্রতিদিন কত সব ঘটনা ঘটছে, কে তার খবর রাখে। ইতিহাস দর্শনের স্থপতি বলে পরিচিত আল্লামা ইবনে খলদুন তদীয় বিরল রচনা ‘আল-মুকাদ্দিমা’য় বলেন: ‘‘ইতিহাস একটা প্রমাণসিদ্ধ বিষয় যার মধ্যে নিহিত রয়েছে চিন্তা- গবেষণার উপকরণ এবং গোটা বিশ্ব প্রকৃতির সূক্ষ্ম তত্ত্ব। নানা জাতি- গোষ্ঠী ইতিহাস চর্চা আর আয়ত্ব করার জন্য দূর- দূরান্ত সফর করে।’’ পৃথিবীতে প্রতিদিন এমন অনেক ঘটনা সংঘটিত হচ্ছে, যাতে মানুষের শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ নিহিত রয়েছে। এসব ঘটনা প্রবাহ থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। জীবনকে করতে পারে সুন্দর ও সমৃদ্ধ এবং পৃথিবীকে পরিণত করতে পারে শান্তি ধামে। কিন্তু মানুষ তা করছে না। কুরআন মজীদে নবী ইউসুফ আলাইহিস সালাম এর শিক্ষণীয় ইতিহাস আলোচনার পর বলা হয়েছে;

‘‘আকাশ মন্ডলী ও পৃথিবীতে এমন অনেক নিদর্শন আছে, যা মানুষ প্রত্যক্ষ করে কিন্তু সে সব থেকে মুখ ফিরিয়ে নেয়’’ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের উৎস আল-কুরআন। আমরা কুরআন মজীদ অধ্যয়ন করি না, অনুধাবন করি না। কুরআন মজীদে বর্ণিত ঐতিহাসিক শিক্ষণীয় ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করি না। এ কারণে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোন ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না।

সুলতান সালাহ উদ্দীন আইয়ূবীর আগমনের পূর্বে মুসলিম জাহানের অবস্থা এবং সমসাময়িক ইতিহাসের তুলনামূলক আলোচনার প্রয়াস পেয়েছেন আরব জাহানের খ্যাতনামা লেখক ও তাত্ত্বিক শায়খ মুহাম্মদ আল-আবদাহ। তিনি নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ ইবনে খলদুনের কিতাবুল ইবার, আল্লামা হাফিয ইমাদুদ্দীন ইবনে কাছীর প্রণীত কালজয়ী ইতিহাস গ্রন্থ ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ এবং ঐতিহাসিক ইবনুল আসীর প্রণীত ‘তারিখূল কামিল’ এর উদ্ধৃতি দিয়ে ইতিহাসের পাতা থেকে অনেক খন্ড চিত্র উপস্থাপন করেছেন এই ক্ষুদ্র গ্রন্থে। লেখক বইটির নাম দিয়েছেন ইতিহাসের কি পুনরাবর্তন ঘটে? (উড়বং যরংঃড়ৎু ৎবঢ়বধঃং রঃংবষভ) এখানে একটা কথা বলে রাখা ভাল যে, আলেম শ্রেণি তথা শিক্ষিত সমাজ হলো দেহে রক্তের ন্যায়, কারো শরীরে রক্ত দূষিত হয়ে গেলে যেমন তার সুস্থতা আশা করা যায় না, তেমনি সমাজের শিক্ষিত শ্রেণির মধ্যে বিকৃতি দেখা দিলে সে সমাজের পতন আর পঁচন অনিবার্য হয়ে ওঠে, বাংলাদেশসহ গোটা মুসলিম বিশ্বের বর্তমান সামাজিক অবস্থা তারই বাস্তব নমুনা হয়ে দেখা দিয়েছে। বন্ধুবর হাফেজ মাওলানা নেছারুদ্দীন আহমদ বইটির প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন এবং সাংবাদিক বন্ধু সেলিম উদ্দীন নিযামীর সহযোগিতা ছাড়া এ বই প্রকাশ করা সম্ভব হতো না। আমি তাদেরকে এজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সুধী পাঠক শ্রেণি এ গ্রন্থ পাঠ করে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য উদ্যোগী হলে শ্রম সার্থক জ্ঞান করব। মহান আল্লাহ সকলকে তাওফীক দান করুন।

গোলাম সোবহান সিদ্দিকী

নিরিবিলি ১২-ই ১/৩৮ মীরপুর ঢাকা-১২১৬