hadith book logo

যেসব কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ ‐ وَالصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ

‘যেসব কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়’ বইটি বের করতে পেরে মহান আল্লাহর অগণিত শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর।

ইসলামের মূল পাঁচটি ভিত্তির মধ্যে প্রথম হলো ঈমান। ঈমান যদি সঠিক হয় তবে অন্যান্য নেক আমল কাজে লাগবে। আর ঈমান যদি সঠিক না হয় তাহলে সারা জীবনের নেক আমল কোন কাজে লাগবে না। এমন অনেক বিষয় রয়েছে, যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। আবার এমন অনেক বিশ্বাস, কথা ও কাজ রয়েছে, যার ফলে ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তা‘আলা কুরআন মাজীদে বলেন,

﴿ اَ لَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْاۤ اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰٓئِكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ ﴾

যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুল্ম (শিরক) দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা কেবল তাদের জন্যই এবং তারাই হেদায়াতপ্রাপ্ত। (সূরা আন‘আম– ৮২)

এ আয়াত থেকে বুঝা গেলো যে, যারা ঈমান আনার পর তাদের ঈমানকে শিরক থেকে মুক্ত রাখবে তারাই হেদায়াত পাবে এবং পরকালের নিরাপত্তা লাভ করবে। কিন্তু যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করবে তারা হেদায়াত ও নিরাপত্তা পাবে না। দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায়, অধিকাংশ লোকই নিজেদেরকে মুমিন বলে দাবি করলেও তারা নানাভাবে শিরকী কাজে লিপ্ত রয়েছে। এজন্য আমাদেরকে এ ব্যাপারে সাবধান থাকতে হবে এবং ঈমানকে হেফাযত করতে হবে। অধিকাংশ মানুষই ঈমান এবং শিরক সম্পর্কে সঠিক ধারণা রাখে না।

এ বইটিতে আমরা ঈমানের পরিচয়, ঈমান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, ঈমান ভঙ্গের কারণ এবং কুফর ও শিরকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি পাঠকসমাজ বইটি পাঠ করে অনেক উপকৃত হবেন এবং নিজেদের ঈমানকে হেফাযত করতে পারবেন; ইনশা-আল্লাহ। আল্লাহ তা‘আলা আমাদেরকে পূর্ণ মুমিন হিসেবে কবুল করুন। আমীন

বইটি প্রকাশনার কাজে যাদের সহযোগিতা রয়েছে এবং যেসব উলামায়ে কেরামের লেখনী থেকে সহযোগিতা নেয়া হয়েছে আল্লাহ তা‘আলা যেন সকলকে উত্তম বিনিময় দান করেন এবং এ প্রচেষ্টাকে আমাদের সকলের জন্য পরকালে মুক্তির একটি অসীলা বানিয়ে দেন। আমীন

মা‘আস্সালাম

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী