hadith book logo

যেসব কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

ঈমানের স্বাদ

কখন ঈমানের স্বাদ পাওয়া যায় তা নবী ﷺ স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর তা হলো, কোন ব্যক্তি যখন আল্লাহ ও তাঁর রাসূলকে অন্যান্য সবকিছুর চেয়ে বেশি ভালোবাসবে এবং অন্য কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্যই ভালোবাসবে; আর ঈমান আনার পর সে কখনো ঈমান থেকে ফিরে যাবে না তখনই সে ঈমানের স্বাদ ভোগ করতে পারবে। হাদীসে ইরশাদ হয়েছে,

عَنْ اَنَسٍ عَنِ النَّبِيِّ قَالَ : ثَلَاثٌ مَنْ كُنَّ فِيْهِ وَجَدَ حَلَاوَةَ الْاِيْمَانِ اَنْ يَكُوْنَ اللهُ وَرَسُوْلُه اَحَبَّ اِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَاَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّه اِلَّا لِلّٰهِ، وَاَنْ يَكْرَهَ اَنْ يَعُوْدَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ اَنْ يُقْذَفَ فِي النَّارِ

আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ ইরশাদ করেছেন, তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান সে ঈমানের স্বাদ পেয়েছে :

(১) যার কাছে সকল জিনিস হতে আল্লাহ ও তাঁর রাসূল অধিক প্রিয়,

(২) যে কাউকে ভালোবাসলে কেবল আল্লাহর জন্যই ভালোবাসে এবং

(৩) যে ঈমান আনয়নের পর আবার কুফরীর দিকে ফিরে যাওয়া এমনভাবে অপছন্দ করে, যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। [সহীহ বুখারী, হা/১৬।]

অন্য এক হাদীসে এসেছে,

عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ اَنَّهٗ سَمِعَ رَسُوْلَ اللهِ - - يَقُوْلُ : ذَاقَ طَعْمَ الْاِيْمَانِ مَنْ رَضِىَ بِاللهِ رَبًّا وَبِالْاِسْلَامِ دِيْنًا وَبِمُحَمَّدٍ رَسُوْلًا

আববাস ইবনে আবদুল মুত্তালিব (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছেন যে, ঐ ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ ﷺ কে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। [সহীহ মুসলিম, হা/১৬০; তিরমিযী, হা/২৬২৩।]