hadith book logo

শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)

লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

নিশ্চয় মুহাম্মাদ আল্লাহর রাসূল, এ সাক্ষ্য দানের অর্থ

নিশ্চয় মুহাম্মাদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, এ সাক্ষ্য দানের অর্থ হচ্ছে, আপনি জানবেন ও এ আকিদা (বিশ্বাস) পোষণ করবেন যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) সকল মানুষের নিকট আল্লাহর প্রেরিত পুরুষ। তিনি বান্দাহ, উপাস্য নন। তিনি রাসূল, মিথ্যা বলেন না, আনুগত্য পাওয়ার যোগ্য ও অনুসরণ করার যোগ্য, যে তার আনুগত্য করবে সে জান্নাতে যাবে আর যে তার নাফরমানী করবে সে জাহান্নামে প্রবেশ করবে। আপনি আরও জানবেন ও বিশ্বাস করবেন যে, আল্লাহ কর্তৃক নির্ধারিত ইবাদত হোক, বিচার পদ্ধতি হোক অথবা হালাল-হারাম নির্ধারণ সম্পর্কিত হোক, আপনি কোনো শরী‘আতই গ্রহণ করতে পারবেন না, যতক্ষণ না তা রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) এর পদ্ধতি অনুযায়ী হয়। কেননা তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে তাঁর শরী‘আত প্রচারক। সুতরাং কোনো মুসলিমের জন্য রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) ছাড়া অন্য কোনো পথে আনা শরী‘আত বা আইন গ্রহণ করা জায়েয নয়। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন-

﴿ وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ ﴾ [ الحشر : ٧ ]

“রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) যা নিয়ে এসেছেন তা’ আঁকড়ে ধর। তিনি যা নিষেধ করেছেন তা বর্জন কর।” (হাশর- ১৭)

তিনি আরো বলেছেন-

﴿ فَلَا وَرَبِّكَ لَا يُؤۡمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيۡنَهُمۡ ثُمَّ لَا يَجِدُواْ فِيٓ أَنفُسِهِمۡ حَرَجٗا مِّمَّا قَضَيۡتَ وَيُسَلِّمُواْ تَسۡلِيمٗا ٦٥ ﴾ [ النساء : ٦٥ ]

“কিন্তু না, তোমার রবের শপথ, তারা তাদের মধ্যে অনুষ্ঠিত পারস্পরিক ঝগড়ার বিষয়ে তোমাকে বিচারক না মানা এবং যা তুমি ফয়সালা দিবে সে বিষয়ে তাদের মনে কোনো দ্বিধা পাওয়া না যাওয়া এবং পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা মুমিন হবে না”। (সূরা নিসা- ৬৫)

আয়াত দুটির অর্থ- প্রথম আয়াতটিতে আল্লাহ মুসলিমদের তার রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) যত নির্দেশ দিয়েছেন তার আনুগত্য করতে ও যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হুকুম দিয়েছেন। কেননা তিনি আল্লাহর নির্দেশেই নির্দেশ দেন ও তার নিষেধেই নিষেধ করেন।

দ্বিতীয় আয়াতে আল্লাহ নিজে স্বয়ং নিজের শপথ করে বলেছেন যে, আল্লাহ ও তাঁর রাসূলের উপরে ঈমান আনার দাবী ততক্ষণ সঠিক হবে না, যতক্ষণ তাদের পারস্পরিক বিবাদ বিসম্বাদে রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) কে বিচারক না মেনে নিবে এবং তাঁর ফয়সালার উপরে সন্তুষ্ট হবে ও পূর্ণভাবে তা গ্রহণ করবে। রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

«من عمل عملاً ليس عليه أمرنا فهو رد»

“যে কেউ এমন কিছু করবে যার উপরে আমাদের শরী‘আত নেই, তা প্রত্যাখ্যাত, (এ হাদীসটি মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে)