hadith book logo

শাশ্বত জীবন ব্যবস্থা (হক দীন)

লেখকঃ আশ-শাইখ আবদুর রহমান ইবন হাম্মাদ আ-লে উমার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা

মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা বলেন-

﴿ ٱلۡيَوۡمَ أَكۡمَلۡتُ لَكُمۡ دِينَكُمۡ وَأَتۡمَمۡتُ عَلَيۡكُمۡ نِعۡمَتِي وَرَضِيتُ لَكُمُ ٱلۡإِسۡلَٰمَ دِينٗاۚ ﴾ [ المائ‍دة : ٣ ]

“আমি আজ তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করলাম। আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন (জীবন ব্যবস্থা) হিসাবে মনোনীত করলাম।” (সূরা আল-মায়িদাহ্-৩)

আল্লাহ তা‘আলা আরো বলেন,

﴿ إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَهۡدِي لِلَّتِي هِيَ أَقۡوَمُ وَيُبَشِّرُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلصَّٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ أَجۡرٗا كَبِيرٗا ٩ ﴾ [ الاسراء : ٩ ]

“নিশ্চয় সর্বাপেক্ষা সুদৃঢ় পথের দিকে এ কুরআন পথ নির্দেশ করে এবং যে সমস্ত মুমিনরা সৎ কাজ করে, তাদেরকে এ সসংবাদ দেয় যে, নিশ্চয় তাদের জন্য বড় পুরস্কার রয়েছে।” (বনী ইসরাঈল-৯)

মহান আল্লাহ তা‘আলা আরো বলেন,

﴿ وَنَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ تِبۡيَٰنٗا لِّكُلِّ شَيۡءٖ وَهُدٗى وَرَحۡمَةٗ وَبُشۡرَىٰ لِلۡمُسۡلِمِينَ ﴾ [ النحل : ٨٩ ]

“এবং আমি তোমাদের উপর ঐ কিতাব অবতীর্ণ করেছি, যাতে সকল কিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ নিহিত রয়েছে।” (সূরা আন-নাহল-৮৯)

বিশুদ্ধ হাদীছে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

" تركتكم على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك ".

“আমি তোমাদেরকে পরিষ্কার দলিল ও প্রমাণাদির উপরে ছেড়ে দিলাম। যার রাত দিন সমান। তার থেকে যে ভিন্নমুখী হবে, সেই ধ্বংস হবে।”

অন্য হাদীসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরও বলেন,

" تركت فيكم ما إن تمسكتم به لن تضلوا أبدًا كتاب الله وسنتي "

“তোমাদের মধ্যে আমি যা রেখে গেলাম যদি তোমরা তাকে ধরে থাক, কখনো পথ ভ্রষ্ট হবে না। তা হচ্ছে, আল্লাহর কিতাব ও আমার সুন্নাত।”

পূর্বে বর্ণিত আয়াতসমূহের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয় তিনি মুসলিমদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পরিপূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে কোনো কমতি নেই এবং এটিতে কখনো কোনো কিছু বাড়ানোর প্রয়োজন হবে না। প্রতিটি সময়ে প্রতিটি জায়গায় ও প্রত্যেক উম্মতের জন্য এটি উপযোগী। তিনি বলেছেন যে, পরিপূর্ণ ক্ষমাসুন্দর এ মহান জীবন ব্যবস্থাকে মুসলিমদের জন্য প্রণয়ন করে ও সর্বশেষ রাসূল মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর রিসালাতকে পাঠিয়ে, ইসলামকে বিজয়ী করে এবং তা অবলম্বনকারীদেরকে তাদের শত্রুদের উপরে সাহায্য করে, তিনি তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। আরো বলেছেন, তিনি ইসলামকে মানুষের জন্য জীবন ব্যবস্থা মনোনীত করে সন্তুষ্ট হয়েছেন। ফলে এ দীনকে (জীবন ব্যবস্থাকে) তিনি কখনো অপছন্দ করবেন না। এ জীবন ব্যবস্থা ব্যতীত কখনো কারো থেকে কিছুই তিনি গ্রহণ করবেন না।

দ্বিতীয় আয়াতে আল্লাহ তা‘আলা বলেছেন যে, নিশ্চয় মহাগ্রন্থ আল-কুরআন পরিপূর্ণ জীবন পদ্ধতি, এখানে ইহকাল ও পরকাল সংক্রান্ত সত্যিকারের সকল সমাধান বর্ণিত হয়েছে। এর উপরে চলা ব্যতীত কোনো মঙ্গল নেই। এটি বর্জনের মধ্যেই সকল অমঙ্গল নিহিত। প্রতিটি সমস্যা, চাই পুরাতন হোক, বর্তমান হোক অথবা ভবিষ্যতের হোক, এর ইনছাফ ভিত্তিক; সঠিক সমাধান কুরআনে বিদ্যমান রয়েছে। যে সমাধান কুরআন পরিপন্থী তা মুর্খতা ও যুলম; সুতরাং জ্ঞান, আকীদাহ, রাজনীতি, রাষ্ট্র-বিচার-পদ্ধতি, মানসিক, সামাজিক-অর্থনৈতিক জ্ঞান, শাস্তির পদ্ধতি প্রভৃতি যা কিছুরই মানুষ প্রয়োজন অনুভব করুক না কেন; পবিত্র কুরআনে আল্লাহ নিজে এবং তাঁর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ভাষায় তিনি তা পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেছেন-

﴿ٱلۡكِتَٰبَ تِبۡيَٰنٗا لِّكُلِّ شَيۡءٖ﴾ [ النحل : ٨٩ ]

“কুরআন প্রতিটি জিনিষের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছে।” পরবর্তী অধ্যায়ে সংক্ষিপ্তভাবে পরিষ্কার করে ইসলামী জীবন ব্যবস্থার পরিপূর্ণতা, তার মজবুতি ও সর্বাঙ্গ সুন্দর জীবন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে।