hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

গবেষকদের দৃষ্টিতে জাতিসঙ্ঘ ঘোষিত মানবাধিকার:

গবেষকদের মধ্যে অনেকেই জাতিসঙ্ঘ কর্তৃক ঘোষিত মানবাধিকারকে দূর্বল দৃষ্টিতে দেখেছে। তারা এ কথা বলতে চেয়েছে যে, এই মানবাধিকার সনদের প্রতিটি বিষয় ইসলামী ইতিহাস এবং ইসলামী শরীয়তে আগে থেকেই ঘোষিত হয়ে আছে। এমন কি দাস প্রথার বিলুপ্তি এবং নারী-পুরুষের সমতার বিষয়টিও। তারা এ দুটি বিষয়ের পূর্ব নজির এবং প্রচলন বের করার চেষ্টা করেছেন।

তাদের মধ্যে কেউ কেউ বিষয়টিকে প্রবন্ধ আকারে জ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন। তারা বলেছেন, পশ্চাত্যে যে মানবাধিকার বাস্তবায়ন করা হয় বা জাতিসঙ্ঘ যেটা ঘোষণা করেছে সেটার মধ্যে কিছু বিষয় আছে শরীয়ত সম্মত আর কিছু আছে যা মূলত: শরীয়তের সাথে এমন কি সুস্থ বিবেক-বিবেচনার সাথেও সাংঘর্ষিক। আল্লাহ তায়ালা আমাদেরকে আদেশ করেছেন, আমরা যেন সকল বিধিবিধান তার নিকট থেকেই গ্রহণ করি। আল্লাহ বলেছেন,

وَأَنِ احْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّـهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّـهُ إِلَيْكَ

“আর আমি আদেশ করছি যে,আপনি তাদের পারস্পরিক ব্যাপারাদিতে আল্লাহ যা নাযিল করেছেন তদনুযায়ী ফয়সালা করুন;তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না এবং তাদের থেকে সতর্ক থাকুন-যেন তারা আপনাকে এমন কোন নির্দেশ থেকে বিচ্যুত না করে,যা আল্লাহ আপনার প্রতি নাযিল করেছেন। [সূরা মায়িদাহ/৪৯]

তিনি আরও বলেছেন,

إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّـهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ

“আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে,তিনি ব্যতীত অন্য কারও ইবাদত করো না।” [সূরা ইউসুফ/৪০] যেভাবে জ্ঞান ও তত্বগত (Theoretical) বিষয়ে আল্লাহর বিধান অনুসরণ করতে হবে সেভাবে বাস্তব কর্মক্ষেত্রেও আল্লাহর বিধান অনুসরণ করতে হবে।

তাই অত্র আলোচনায় মানবাধিকার সম্পর্কে সব কিছু ফুটিয়ে তোলা সম্ভব নয়। তবে এ ব্যাপারে ইসলামী শরীয়তের মূলনীতিগুলো বোধগম্য করে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।