hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

ইসলামের দৃষ্টিতে অধিকার দু প্রকার:

আল্লাহ তায়ালা দু প্রকার অধিকারের ভিত্তিতে সাত আসমান এবং জমিন প্রতিষ্ঠা করেছেন। সেগুলো হলো:

এক. আল্লাহর হক

দুই. বান্দার হক

আর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল নবী এবং সকল আসমানী কিতাব এই দুই প্রকার অধিকার বর্ণনার জন্যই আগমন করেছে।

আল্লাহর হক: আল্লাহর হক বলতে বুঝায় যে, সকল প্রকার ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ তায়ালা। তিনি ছাড়া কেউ ইবাদত পাওয়ার হকদার নয় তাই একনিষ্ঠভাবে তাঁরই ইবাদত করা এবং সকল প্রকার আল্লাহ বিরোধী অপশক্তি এবং তাগুতকে অস্বীকার করা। সেই সাথে আল্লাহ তায়ালা যখন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আনুগত্য করার নির্দেশ দিয়েছেন তখন সেখানে তাঁর আনুগত্য করা।

বান্দার হক: আল্লাহর হক আদায় করার পরই সৃষ্টিজগতের হক আদায় করতে হয়।

এই দুটি মূলনীতি বাস্তবায়নের জন্যই আল্লাহ তায়ালা যুগে যুগে আসমানী কিতাব অবর্তীণ করেছেন এবং নবী-রাসুল প্রেরণ করেছেন। আল্লাহ তায়ালা বলেন,

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ

“আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়-নীতি,যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে।” [সূরা আল হাদীদ/২৫]

তিনি আরও বলেন,

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّـهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ

“আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে,তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক।” [সূরা নাহল/৩৬]

এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়ায রা. কে বলেছিলেন, “হে মুয়ায,তুমি কি জানো বান্দার ঊপর আল্লাহর হক কি? এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক হল, বান্দা তার ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হল, তাঁর ইবাদতে কাউকে শরীক না করলে আল্লাহ তাঁকে শাস্তি দিবেন না। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি লোকদের এ সুসংবাদ দিব না? তিনি বললেন,তুমি তাদের সুসংবাদটি দিও না, তাহলে লোকেরা (এর উপরই) নির্ভর করে বসে থাকবে।” [সহীহ বুখারী, হা/ ২৮৫৬, ও মুসলিম, হা/ ৩০]

এ থেকে প্রমাণিত হয় যে, যুগে যুগে সকল শরীয়ত বিশেষ করে ইসলামী শরীয়তের আগমন ঘটেছে আল্লাহর অধিকার অত:পর সৃষ্টিজগত তথা মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। আপনি যদি কুরআন, হাদীস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন অধ্যয়ন করেন তবে এ বিষয়টি আপনার সামনে সুষ্পষ্টভাবে প্রতিভাত হবে।