hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

সাম্য ও ইনসাফের উজ্জল দৃষ্টান্ত:

ক. প্রতিটি মানুষই তার অধিকার পাওয়ার ক্ষেত্রে সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে এই অধিকারের কথা ঘোষণা করেছেন। যেমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদীদের ধ্বংসের কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, তাদের ধ্বংসে অন্যতম কারণ ছিল, তারা আল্লাহর বিধিবিধান ও শরীয়তের দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে সম্ভ্রান্ত এবং নিম্নশ্রেণীর মাঝে পার্থক্য করেছিল। তাই এ প্রসঙ্গে তিনি বলেছেন,

وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا

“আল্লাহর কসম, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মেয়ে ফাতিমাও যদি চুরি করত তবে তার হাত কেটে ফেলতাম।” [বুখারী হা/৩৪৭৫ ও মুসলিম হা/ ১৬৮৮]

খ. মুসলিমদের রক্ত, সম্পদ এবং মর্যাদা সমান। শরীয়তের দৃষ্টিতে সম্মান-মর্যাদা, রক্ত, অর্থ-সম্পদ ইত্যাদিতে কোন ভেদাভেদ নেই। বিচারের ক্ষেত্রেও মানুষে মানুষে পার্থক্য নেই। বরং আল্লাহর আইনের সামনে সকলেই সমান। যার কারণে দেখা যায়, বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এক ব্যক্তি কষ্ট পেয়েছেন বলে দাবী করার কারণে তিনি তার নিকট নিজেকে সপে দিয়েছেন প্রতিশোধ নেয়ার জন্য।

যেমন উসাইদ বিন হুযাইর রা. হতে বর্ণিত। তিনি বলেন, তিনি (উসাইদ) লোকজনের সাথে কথা বলছিলেন। তিনি কৌতুকের ছলে কথার মাধ্যমে লোকজনকে হাসাচ্ছিলেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হঠাৎ তাঁর কোমরে একটি লাঠি দিয়ে গুতো দেন।

উসাইদ রা. বললেন: আমি প্রতিশোধ নিতে চাই।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: ঠিক আছে, প্রতিশোধ গ্রহণ করো।

তিনি বললেন: আপনার গায়ে জামা আছে। কিন্তু আমার গায়ে তখন কোন জামা ছিলো না।

অত:পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের গায়ের জামা তুলে ধরলেন।

তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরে তার কোমরের পেছন দিক থেকে একপার্শে চুমু খেতে শুরু করলেন।

তারপর বললেন: হে আল্লাহর রাসূল, এটাই আমি চাচ্ছিলাম। [আবু দাউদ হা/৫২২৪, ত্ববারানী ফিল কাবীর ১/২০৫, ২০৬, হাকিম ৩/৩২৭, বায়হাকী ফিল কুবরা ৮/৭৮]

গ. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের উপর দয়াপরবশ হয়ে বলেছেন,

اللهُمَّ فَأَيُّمَا عَبْدٍ مُؤْمِنٍ سَبَبْتُهُ، فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ

“হে আল্লাহ, আমি যদি কোন ঈমানদারকে গালি দিয়ে থাকি তবে সেটিকে তুমি কিয়ামতের দিন ঐ ব্যক্তির জন্য নৈকট্য অর্জনের মাধ্যমে বানিয়ে নিয়ো।” [বুখারী হা/৬৩৬১ ও মুসলিম হা/২৬০০]