hadith book logo

ইসলামে মানবাধিকার

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

ইসলাম কেন মানুষকে দ্বীনী বিষয়ে শর্তহীনভাবে মতপ্রকাশের স্বাধীনতা দেয় নি?

সব মানুষের ঝোঁক-প্রবণতা সমান নয়। অধিকাংশ মানুষ আবেগ নির্ভর; দলীল নির্ভর নয়। অধিকাংশ মানুষ সব কিছুকে দলীল-প্রমাণ, কল্যাণ-অকল্যাণ, ভালো-মন্দ সব দিক বিবেচনা করে হিসেব করতে সক্ষম হয় না। আবেগী মানুষ আবেগ নির্ভর প্রভাব সৃষ্টিকারী কথাগুলোকেই গ্রহণ করে থাকে।

অনেক সময় বিচারক দলিল-প্রমাণ না থাকলেও দু জন বিবাদীর মাঝে যে বেশী ভালো ভাবে তার সামনে যুক্তি-তর্ক ও বক্তব্য উপস্থাপন করতে পারে তার পক্ষেই রায় দেয়। যেমন সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ أَخِيهِ شَيْئًا بِقَوْلِهِ فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنْ النَّارِ فَلَا يَأْخُذْهَا

“তোমরা বিভিন্ন ঝগড়া-বিবাদ নিয়ে আমার নিকট এসে থাকো। (তারপর দেখা যায়), আমার সামনে একজনের বিরুদ্ধে অন্যজন সুন্দরভাবে (তার দাবীর পক্ষে) যুক্তি-প্রমাণ পেশ করে। আর তার বক্তব্যের আলোকে আমি যদি কাউকে তার অন্য ভায়ের কোন হক দিয়ে দেই তবে তাকে যেন আমি এক টুকরা আগুন দিলাম। সুতরাং তার কর্তব্য হল, তা গ্রহণ না করা।” [বুখারী, হা/২৬৮০ ও মুসলিম হা/১৭১৩]

যদি দ্বীনের বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা দেয়া হয় তবে মানুষের মাঝ থেকে দ্বীন বিদায় নিবে, দ্বীন ইসলামের ক্ষেত্রে দূর্বলতা সৃষ্টি হবে, নবী-রাসূলদের আবির্ভাবের প্রভাব এবং সমগ্র বিশ্বচরাচরের মালিক ও স্রষ্টা মহান আল্লাহর দ্বীনের উপর সন্তুষ্ট থাকার বিষয়টি মানুষের মন থেকে উঠে যাবে।

আপনারা জানেন, বর্তমানে যে সব দেশে ধর্মীয় বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে সে সব দেশের অনেক মানুষ বাতিল মতাদর্শে প্রভাবিত হয়ে দ্বীন থেকে দূরে সরে গেছে। (আল্লাহ আমাদেরকে হেফাজত করুন)। কারণ অধিকাংশ মানুষ আবেগ প্রবণ। তারা যাচায়-বাছাই না করে সহজভাবে কথা গ্রহণ করে। তাই আলেমদের করণীয় হল, দ্বীনকে হেফাজতের স্বার্থে বাতিলপন্থীদের ভ্রান্ত কথা-বার্তার জবাব দেয়া। কিন্তু তা আসলে সব সময় সম্ভব হয় না। কারণ শর্তহীনভাবে মতপ্রকাশের স্বাধীনতা মানুষের ধর্ম বিশ্বাসকে নষ্ট করতে ভূমিকা পালন করে অথচ সব মানুষ এ সব ভ্রান্ত সংশয়ের জবাব দেয়ার ক্ষমতা রাখে না।